১৫২টি মূলতবি প্রস্তাবের নোটিশ নাকচ
স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার সংসদের বৈঠক মূলতবি করে আলোচনার দাবিতে ৬২ বিধিতে কয়েকজন সদস্যের দেয়া ১৫২টি মূলতবি প্রস্তাবের নোটিশ নাকচ করে দিয়েছেন।
রোববার সংসদের বৈঠকে তিনি চলতি অধিবেশনে পাওয়া এসব নোটিশের ব্যাপারে তার সিদ্ধান্তের কথা সংসদকে জানান।
বিদ্যুত সংকট ও লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, প্রধান বিচারপতির সুপারিশ উপেক্ষা করে বিচারপতি নিয়োগ, সংস্কার প্রস্তাব ও ফুলবাড়িতে পুলিশের গুলিতে মানুষের মৃত্যুসহ বেশ কিছু বিষয়ে এ সব নোটিশ দেয়া হয়।
স্পিকার তার রুলিংয়ে বলেন, এ সব নোটিশের বিষয়বস্তু অনেক পুরোনো এবং বেশ কিছু বিষয়ে আলোচনা এরই মধ্যে হয়েছে। এছাড়াও কিছু বিষয়বস্তু আদালতের বিচারাধীন রয়েছে এবং বেশ কিছু বিষয়ে সরকার ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে।
