সাকা চৌধুরীর ৩ ভাইয়ের বিরদ্ধে দায়েরকৃত মামলার শুনানি মঙ্গলবার
কিউসি কন্টেইনার লাইনস লিমিটেডের ৯৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরীর তিন ভাইয়ের বিরুদ্ধে বেক্সিমকো হোল্ডিংসের দায়ের করা মামলার শুনানি মঙ্গলবার হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
বিচারপতি শামীম হাসনাইনের হাইকোর্ট বেঞ্চ সোমবার শুনানির এ তারিখ ধার্য করেন।
কিউসি কন্টেইনার লাইনস লিমিটেডের অংশীদার এবং বেক্সিমকো হোল্ডিংসের চেয়ারম্যান সোহেল এফ রহমান ও ডেপুটি চেয়ারম্যান সালমান এফ রহমান ২০০৫ সালের ১৫ ডিসেম্বর সালাহউদ্দিন কাদের চৌধুরীর তিন ভাই- গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সাইফুদ্দিন কাদের চৌধুরী ও জামালউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলায় সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মোকাবেলা বিবাদি হিসেবে উল্লেখ করা হয়।
মামলায় বলা হয়, কোম্পানির চারটি জাহাজের অতিরিক্ত ভাড়া দেখিয়ে এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে কিউসি কন্টেইনার লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামালউদ্দিন কাদের চৌধুরী এবং পরিচালক গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও সাইফুদ্দিন কাদের চৌধুরী কোম্পানির ৯৫ কোটি টাকা আত্মসাত করেছেন।
জবাবে জামালউদ্দিন কাদের চৌধুরী আদালতকে জানান, সোহেল এফ রহমান ও সালমান এফ রহমান আদালতকে ভুয়া তথ্য দিয়ে এ মামলা দায়ের করেছেন।
এর আগে হাইকোর্ট বেঞ্চ ৩০ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করেছিলেন।
বেক্সিমকো হোল্ডিংসের পক্ষে ব্যারিস্টার রফিকুল হক এবং সালাহউদ্দিন কাদের চৌধুরী ও তার তিন ভাইয়ের পক্ষে অ্যাডভোকেট টিএইচ খান আদালতে মামলা পরিচালনা করেন।
