২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ মাস আগের মামলায় সালমান রহমানকে আসামী করায় হাসিনার নিন্দা

সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে সালমান এফ. রহমানকে আসামী হিসাবে অন্তর্ভুক্ত করে পাঁচ মাস আগের মামলার অভিযোগপত্র দাখিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 08:17 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

তিনি বলেন, এই ঘটনা বিএনপি - জামায়াত জোট সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার নিকৃষ্ট নজীর হয়ে থাকবে।

বিবৃতিতে শেখ হাসিনা বলেন, ঢাকার দোহার উপজেলার শোক দিবসে আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার ক্যাডাররা হামলা চালিয়ে দলীয় নেতা কর্মীদের আহত করে।

তিনি বলেন, ঘটনার পর ওই মন্ত্রী ক্ষমতার অবৈধ দাপট দেখিয়ে পুলিশ দিয়ে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

তিনি আরো বলেন, এছাড়া পাঁচ মাস পর আওয়ামী লীগ নেতা সালমান এফ. রহমানসহ আরো ছয় জনের নাম অন্তর্ভুক্ত করে চার্জশীট প্রদান করা হয়েছে।

বিবৃতিতে শেখ হাসিনা বলেন, ২০০১ সালের ভোট ডাকাতি ও কারচুপির নির্বাচনের পর থেকেই মন্ত্রী নাজমুল হুদা ক্যাডার ও পুলিশ দিয়ে দোহারে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

তিনি বলেন, এদের মানসিকতা এতোটাই সংকীর্ণ যে, সালমান রহমানের কন্যার মৃত্যুর পর চেহলাম পর্যন্ত করতে দেওয়া হয়নি; কাঙালি ভোজের খাবার পর্যন্ত লুট করে  নেওয়া হয়। এমনকি মন্ত্রী গুণ্ডাবাহিনী ব্যবহার করে ওই নেতাকে দোহারে যেতে পর্যন্ত দিচ্ছে না।