২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও আওয়ামীলীগকে সংলাপে বসার আহবান জানিয়েছেন মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া আবারও তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন সংস্কারসহ সকল ইস্যু নিয়ে বিরোধীদলকে সংলাপে বসার আহবান জানিয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

শনিবার  বিকেলে রংপুরের হারাগাছ পৌর বিএ্নপি আয়োজিত স্থানীয় আদর্শ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

হারাগাছ পৌর বিএনপি সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর  কবির এমপি, রংপুর জেলা বিএনপির সভাপতি রহিম উদ্দিন ভরসা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর জসিম উদ্দিন, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিব-উন-নবী খান সোহেল।

তিনি বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন পদ্ধতি  সংস্কার, জঙ্গিবাদ দমনসহ সকল ইস্যূতে বিরোধীদলের সাথে সংলাপে বসতে চায়। তাদের প্রস্তাব যদি জনগণ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে হয় তবে অবশ্যই তা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, আমাদের সাথে আলোচনা ছাড়া অন্য কারো সাথে  আলোচনা করে  এই দেশে কোন সংস্কার করা যাবে না।

তিনি বলেন, বিএনপি তথা জোট সরকার  এদশেকে একটি উন্নত আত্মমর্যাদা সম্পন্ন, স্বনির্ভর জাতি হিসেবে বিশ্বের কাছে উপহার দিতে চায়। সে অনুযায়ী বিএনপি উন্নয়নের রাজনীতি শুরু করেছে। আগামী নির্বাচনে আবার ক্ষমতায় আসলে আমরা উন্নয়নের ধারা  অব্যাহত রাখবো।

তিনি বলেন, জোট সরকার নির্ধারিত মেয়াদের এক দিন আগেও ক্ষমতা ছেড়ে  দেবে না। নির্ধারিত সময়েই তত্ত্বাবধায়ক সরকারের কাছে জোট সরকার ক্ষমতা হস্তান্তর করবে।