এরশাদের সঙ্গে রোকার বৈঠক, নির্বাচনসহ সার্বিক বিষয়ে আলোচনা
বাংলাদেশে সফররত মার্কিন সহকারি পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনা রোকা শুক্রবার বিকালে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সাথে বৈঠক করেছেন।
জাপা চেয়ারম্যান এরশাদের বনানীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় এক ঘন্টা স্থায়ী ওই বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন পরিস্থিতি, জঙ্গি, সন্ত্রাস, নির্বাচন কমিশন নিয়ে সৃষ্ট সমস্যা -- ইত্যাদি ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে এরশাদ সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, রোকাকে তারা অবহিত করেছেন, বাংলাদেশে এরআগে কখনো আত্মঘাতি সন্ত্রাসী তৎপরতা ছিলো না। আকস্মিকভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সরকার এ পরিস্থিতি সামলে উঠতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, সরকার পরিস্থিতি সামলে উঠলেও এরমূল নায়কদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতার করতে না পারলে ভীতিকর পরিস্থিতি থেকেই যাবে।
আগামী নির্বাচন সম্পর্কে এইচএম এরশাদ বলেন, ভবিষ্যতে আর কখনোই ১৫ ফেব্র“য়ারির মতো নির্বাচন হবে না। এ ধরণের কোনো চেষ্টা করা হলে, তা সফল হবে না।
সৌহার্দপূর্ণ পরিরেশে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করেন।
এ সময় জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান ও ভাইস চেয়ারম্যান গোলাম মসিহ এবং মার্কিন সহকারি মন্ত্রীর সাথে চার্জ দি অ্যাফেয়ার্স জুডিথ চামাস উপস্থিত ছিলেন।
