২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদা মানসিক অস্থিরতায় ভুগছেন: টিএইচ খান

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) একাংশের সভাপতি টি এইচ খান বলেছেন, ব্যারিস্টার নাজমুল হুদা মানসিক অস্থিরতায় ভুগছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে (এসসিবিএ) নিজ চেম্বারে বুধবার টিএইচ খান বিডিনিউজকে বলেন, বিএনপি’র হাই কমান্ডের দেওয়া নির্দেশ অমান্য করে ব্যারিস্টার নাজমুল হুদা ১৯ জানুয়ারি বিজেএএফ’র একপেশে কমিটি গঠন করেন।  কমিটি গঠনের ২৪ ঘন্টার মধ্যে ২০ জানুয়ারি তিনি কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন এবং ২৪ জানুয়ারি তিনি তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। তার সকল কর্মকাণ্ড এটাই প্রমাণ করে যে, তিনি মানসিক অস্থিরতায় ভুগছেন।

নিজের গঠিত কমিটির প্রধান উপদেষ্টা টি এইচ খান নবগঠিত কমিটিকে স্বীকৃতি না দেওয়ায় যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার হুদা ২০ জানুয়ারি নবগঠিত বিজেএফ’র একাংশের কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

মঙ্গলবার রাত ১০টার পর বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার অফিসে ফ্যাক্স প্রেরণের মাধ্যমে নাটকীয়ভাবে ব্যারিস্টার হুদা তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন।

টি এইচ খান বলেন, বিজেএএফ’র কাউন্সিলের দিনক্ষণ চূড়ান্ত করতে গ্রান্ড আজাদ হোটেলে শুক্রবার বিজেএএফ’র কাউন্সিলররা এক বৈঠকে মিলিত হবেন।

এদিকে একটি সূত্র জানিয়েছে, হুদা-নেতৃত্বাধীন বিজেএএফ অংশটি পরবর্তী কার্য নির্ধারণ করতে বৃহস্পতিবার এসসিবিএ হলে বৈঠকে বসবে।

বিএনপি’র আইন সম্পাদক জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট মোহাম্মদ চৌধুরী আলাল, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট হেলালউদ্দিন মোল্লা, অ্যাডভোকেট জামান আখতার বুলবুল, ব্যারিস্টার বদরুদ্দোজা, ব্যারিস্টার আকবর আমিন বাবুল, অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বৈঠকে উপস্থিত থাকবেন বলে ওই সূত্রটি জানিয়েছে।

হুদা-নেতৃত্বাধীন বিজেএএফ’র অংশটি হুদাকে সভাপতি ও ব্যারিস্টার আমিনুল হককে সাধারণ সম্পাদক করে ১৯ জানুয়ারি কাউন্সিল আয়োজনের মাধ্যমে ৩০১ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটি গঠন করে। কমিটিতে টিএইচ খানসহ বিরোধী অংশের বেশ কয়েকজন সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়েছিল।