বর্তমান ইসির অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না: জলিলের ঘোষণা
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি আবারও বলেছেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং বিতর্কিত দুই কমিশনারের অধীনে আওয়ামী লীগ কিংবা ১৪ দল কোনো নির্বাচনে যাবে না। তাদের অপসারণ না করা পর্যন্ত দেশে কোনো নির্বাচনও হতে দেওয়া হবে না।
নেত্রকোনায় বুধবার বিকেলে অনুষ্ঠিত আওয়ামী লীগের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মোক্তারপাড়া মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম বজলুল কাদের।
বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূর এমপি, অসীম কুমার উকিল, সাবেক এমপি ফজলুর রহমান খান, জালাল উদ্দিন তালুকদার, জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, উপজেলা সম্পাদক জিএম খান পাঠান, পৌর চেয়ারম্যান নজরুল ইসলাম খান, যুব মহিলা লীগ সম্পাদিকা অপু উকিল, চিত্রনায়ক রানা হামিদ, জাতীয় ফুটবল দলের অধিনায়ক আরিফ খান জয়।
আব্দুল জলিল বলেন, জোট সরকার প্রশাসন, বিচার বিভাগকে বিতর্কিত করেছে। জাতীয় সংসদকে পরিণত করেছে দলীয় সংসদে। ষড়যন্ত্র ও ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে দুর্নীতিবাজ এ সরকার দেশকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে গেছে। তাই এ সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
৫ ফেব্র“য়ারির লংমাচ কর্মসূচি সফল করার জন্যে তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
