চাঁপাইনবাবগঞ্জে হত্যাকাণ্ডের প্রতিবাদে সকাল - সন্ধ্যা হরতাল পালিত
বিক্ষুব্ধ নিরপরাধ কানসাটবাসীর ওপর বর্বরোচিত পুলিশী হামলার প্রতিবাদে বুধবার পুরো চাঁপাই নবাবগঞ্জ জেলায় সর্বাত্নক সকাল - সন্ধ্যা হরতাল হয়। ১৪ দল এই হরতাল আহ্বান করে। বিভিন্ন এলাকার পরিস্থিতি এখনো থমথমে।
কানসাটে বিদ্যুৎ বিভ্রাট এবং গ্রেফতারকৃত কয়েকজন বিক্ষোভকারীর মুক্তির দাবিতে সমবেত মানুষের ওপর সোমবার পুলিশ গুলিবর্ষণ করলে অন্তত: আটজন নিহত এবং ২০০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শিরা জানান, হরতাল চলাকালে জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল, পথসভা, গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
এ সময় হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ বিভিন্ন এলাকায় গাছ কেটে ব্যারিকেড দিয়ে বিস্তৃত এলাকার সড়ক অবরোধ করে। এসব সড়ক হচ্ছে, শিবগঞ্জ - সোনা মসজিদ মহাসড়ক, কানসাটা- ভোলাহাট, কানসাট- চৌডালা সড়ক -- ইত্যাদি।
শিবগঞ্জ উপজেলা সদরে হরতাল চলাকালে অফিস, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল - কলেজ বন্ধ থাকে। শহরে কোনো যানবাহন চলতে দেখা যায়নি। বিভিন্ন স্থানে বিক্ষোভকারি ও স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশের হত্যা ও নির্যাতনের পর থেকে কানসাট এলাকা ছিলো তৃতীয় দিনের মতো অচল।
যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় জেলার বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকসহ অনেক যানবাহন আটকা পড়ে।
শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া থেকে শুরু করে মোবারকপুর, গোমস্তাপুর উপজেলার চৌডালা, ভোলাহাট উপজেলার জামবাড়িয়া পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রাস্তার ওপর গাছ কেটে সড়ক অবরোধ করা হয়।
এসব সড়কে মাইলের পর মাইল পাঁয়ে হেটে বিক্ষোভকারি ও হরতাল সমর্থকরা মিছিল করে। মিছিলগুলো থেকে গোলাম রাব্বনীসহ গ্রেফতার হওয়া তিন নেতার মুক্তির দাবি জানায়।
বিক্ষোভকারি এলাকাবাসী স্থানে স্থানে সাংবাদিকদের থামিয়ে তাদের ক্ষোভের কথা জানান।
তারা ওই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় বিএনপি সাংসদ শাহজাহান মিয়াকে দায়ী করে বলেন, দীর্ঘ ছয় মাস ধরে পল্লী বিদ্যুতের গ্রাহকরা আন্দোলন - সংগ্রাম করলেও তিনি এর সমাধানে উদাসীন। ৪ জানুয়ারির ঘটনার পরও তিনি হতাহতদের পরিবার ও আন্দোলনকারিদের পাশে দাঁড়াননি। মাত্র ২০ দিনের ব্যবধানে আরো ৭ জন নিহত ও বহুসংখ্যক আহত হলেও স্থানীয় সাংসদ এলাকায় আসেননি।
তারা অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান মিয়ার ইঙ্গিতেই পুলিশ এ বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে।
মিছিলকারি ও বিক্ষুব্ধ এলাকাবাসী এ ঘটনায় স্থানীয় সাংসদের ফাঁসির দাবিও জানান।
