রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সোমবার জাতীয় সংসদে দেওয়া রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করেছে। সংসদে রাষ্ট্রপতির ভাষণ শেষে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, রাষ্ট্রপতির ভাষণ গতানুগতিক ও জোট সরকারের গুণকীর্তন। তার ভাষণে জাতি হতাশ হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক ও বিবেক। তার ভাষণে রাষ্ট্রে বিরাজমান সংকট নিয়ে কিছুই ছিল না। সরকারের কোনো ভুল-ত্র“টি তার ভাষণে উঠে আসেনি।
অ্যাডভোকেট হামিদ বলেন, দেশে বোমাবাজ ও জঙ্গি সংকট নিয়ে রাষ্ট্রপতির ভাষণে কোনো দিক নির্দেশনা ছিল না।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনার নিয়োগ জাতি মেনে নেয়নি। এ ব্যাপারে তার ভাষণে কোনো নির্দেশনা ছিল না। তত্ত্বাবধায়ক সরকার সংস্কার ইস্যুতে বিরোধী দল আন্দোলন করলেও তাঁর ভাষণে কিছুই নেই। রাষ্ট্রপতির ভাষণে জাতির কোনো সমস্যা ও এর সমাধানের ইঙ্গিত নেই।
বিরোধী দলীয় উপনেতা বলেন, বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার এবং জোট সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। আন্দোলন ক্রমেই বেগবান হচ্ছে। তাদের পদত্যাগে বাধ্য করেই অবাধ সুষ্ঠু নির্বাচন করা হবে। সমস্যার সুরাহা ছাড়া কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।
আওয়ামী লীগের সংসদে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ২৯ জানুয়ারির মধ্যে সংসদীয় দলের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। তবে আগামী ৫ ফেব্র“য়ারির লংমার্চ কর্মসূচির পরই সংসদে ফেরার সম্ভাবনা রয়েছে।
