২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার কারণে পল্টনের সমাবেশে যাননি শেখ হাসিনা

সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় পল্টনে ১৪ দলের সমাবেশে যোগ দেননি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সম্প্রতি নিযুক্ত দুই নির্বাচন কমিশনারের অপসারণ, আদালতের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা প্রণয়ন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার এবং জোট সরকারের পদত্যাগ দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শেখ হাসিনার সভাপতিত্ব করার কথা ছিল। পল্টন ময়দানে সমবেত হাজার জনতা বিকেল সাড়ে চারটা পর্যন্ত তার আগমণের অপেক্ষায় ছিল।

কিন্তু সমাবেশের শেষ পর্যায়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি জানান, হঠাৎ অসুস্থতা বোধ করায় বিরোধী দলীয় নেতা আসতে পারেন নি।

অবশ্য নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিডিনিউজকে জানিয়েছে, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় ইচ্ছে থাকা সত্ত্বেও শেখ হাসিনা পল্টন ময়দানের সমাবেশে যোগ দিতে পারেন নি। এই বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত ছিলেন বলেও সূত্র জানায়।

তবে শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যদের পূর্ব থেকেই পল্টন ময়দানে দায়িত্ব পালন করতে দেখা যায়। 

এদিকে সমাবেশে উপস্থিত হতে না পেরে দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা একটি বার্তা পাঠান। আবদুল জলিল এ বার্তার কথা উল্লেখ করে বলেন, বিরোধী দলীয় নেতা বলেছেন, দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম কখনও ব্যর্থ হয়নি। এবারের সংগ্রামও ব্যর্থ হবে না। জনগণের বিজয় হবেই।

বিরোধী দলীয় নেতা বার্তায় আরও বলেন, বিএনপি জামাত জোট সরকারের অত্যাচার নির্যাতন ও দুঃশাসনে অতীষ্ঠ মানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলনকে আরও বেগবান করতে হবে। জোটকে বিতাড়নের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার চলমান সংগ্রাম এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।