২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র করে জোটের আবারও ক্ষমতায় আসার চক্রান্ত রুখতে হবে: বিক্ষোভ সমাবেশে ১৪ দল নেতৃবৃন্দ

আওয়ামী লীগসহ ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি জামাত জোট নির্বাচনে ভয় পায় বলেই বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) মাধ্যমে ষড়যন্ত্র করে আবারও ক্ষমতায় আসার চক্রান্ত করছে। কিন্তু বাংলার মানুষ সেই চক্রান্ত সফল হতে দেবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

তারা বলেন, বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনে এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার ব্যতীত দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।

সোমবার ঐতিহাসিক পল্টন ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরুর আগে এক সমাবেশ থেকে নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

১৪ দল নেতৃবৃন্দ জোট সরকারকে হটিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার ঐক্যবদ্ধ আন্দোলন এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তারা বলেন, জোটের অপকৌশল ও ষড়যন্ত্র রুখতে হবে।

প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সম্প্রতি নিযুক্ত দুই নির্বাচন কমিশনারের অপসারণ, আদালতের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা প্রণয়ন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার এবং জোট সরকারের পদত্যাগ দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে। হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ জোট সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলে। জাতীয় পতাকা ও দলীয় পতাকা, বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি নিয়ে দলীয় সমর্থন নেতা- কর্মীরা মিছিলে অংশ নেয়। পল্টন ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি জিরো পয়েন্ট, পল্টন, বিজয়নগর, কাকরাইল, শাহবাগ, মিরপুর রোড হয়ে ৩২ নম্বর ধানমণ্ডির রাসেল স্কোয়ারে গিয়ে শেষ হয়। 

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সমাবেশে আসেন নি। দলের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি সমাবেশে জানান, হঠাৎ অসুস্থতা বোধ করায় তিনি আসতে পারেন নি। অবশ্য নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিডিনিউজকে জানিয়েছে, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় ইচ্ছে থাকা সত্বেও শেখ হাসিনা পল্টন ময়দানের সমাবেশে যোগ দিতে পারেন নি।

তবে সমাবেশে উপস্থিত হতে না পেরে দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা একটি বার্তা পাঠান। আবদুল জলিল এ বার্তার কথা উল্লেখ করে বলেন, বিরোধী দলীয় নেতা বলেছেন, দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম কখনও ব্যর্থ হয়নি। এবারের সংগ্রামও ব্যর্থ হবে না। জনগণের বিজয় হবেই।

বার্তায় বিরোধী দলীয় নেতা আরও বলেন, বিএনপি জামাত জোট সরকারের অত্যাচার নির্যাতন ও দুঃশাসনে অতীষ্ঠ মানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

জোটকে বিতাড়নের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার চলমান সংগ্রাম এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। ভোটাধিকার প্রয়োগ করে বিএনপি জামাত জোট সরকারের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি চায়। তাই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে অত্যাচারী জোটকে বিদায় করে ১৪ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই আন্দোলনে আমরা অবশ্যই জয়ী হবো।

সরকার, সিইসি ও নবনিযুক্ত দুই কমিশনারের ভূমিকার কড়া সমালোচনা করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে।

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবিকে জাতীয় দাবি উল্লেখ করে ড. কামাল বলেন, দেশের মানুষ অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়। তাই নির্বাচন কমিশন থেকে বিতর্কিত লোক অপসারণ এবং সংস্কারের দাবি মানতে হবে। সরকার জনগণের এই দাবি স্বেচ্ছায় না মানলে আন্দোলনের মাধ্যমে তা মানতে বাধ্য করা হবে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি বলেন, নির্বাচন কমিশনে বিতর্কিত লোক নিয়োগের মাধ্যমে বিএনপি জামাত জোট চক্রান্ত করে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। কিন্তু বাংলার মানুষ তাদের স্বপ্ন পূরণ হতে দেবে না।

জাতীয় সংসদে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেশের মানুষের স্বার্থে কথা বলতে সংসদে যেতে চাই। কিন্তু এই সরকার সংসদে আমাদের কথা বলতে দেয় না। তাই যতোদিন আমাদের কথা বলতে না দেবে, ততোদিন আমরা সংসদে যেতে পারি না। 

আব্দুল জলিল বলেন, বিএনপি জামাত জোট সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্র লিপ্ত রয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ১৪ দল নির্বাচনে ভয় পায় না। প্রধানমন্ত্রী জনগণকে পায় বলেই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। কিন্তু ষড়যন্ত্র করে অতীতে কোন সরকার ক্ষমতায় টিকতে পারে নি। জোট সরকারও পারবে না।

সিইসি ও দুই ইসিকে অপসারণের দাবি করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জোট সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

আগামী ৫ ফেব্র“য়ারির লংমার্চসহ ১৪ দলের আন্দোলন কর্মসূচি সফল করে জনগণের বিজয় অর্জনের লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, আসাদুজ্জামান নূর এমপি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাসদের মাইন উদ্দিন খান বাদল, গণফোরামের অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির নুরুল ইসলাম, গণআজাদী লীগের আলহাজ্ব আব্দুস সামাদ, ন্যাপের এনামুল হক, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন সমাবেশে বক্তব্য রাখেন।