মিজান চৌধুরীর শয্যাপাশে শেখ হাসিনা
বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর শারিরীক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।
ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসকরা সোমবারও কৃত্রিম শ্বাস - প্রশ্বাসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা অব্যাহত রাখেন।
এদিকে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার সকালে মিজান চৌধুরীকে দেখতে বারডেম হাসপাতালে যান। তিনি এ সময় তাঁর চিকিৎসার খোঁজ - খবর নেন। তিনি সেখানে প্রায় ২৫ মিনিট অবস্থান করেন।
মিজান চৌধুরীর বড় ছেলে রাজু চৌধুরী ও চিকিৎসকরা আওয়ামী লীগ সভানেত্রীকে রোগির সার্বিক অবস্থা অবহিত করেন।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, সাংসদ নূরে আলম চৌধুরী লিটন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ - সভাপতি আবু তাহের লিটন উপস্থিত ছিলেন।
চিকিৎসকরা জানান, শুক্রবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তার অবস্থা আশংকাজনক পর্যায়ে পৌঁছায়। অষুধ প্রয়োগ করা হলে শনিবার সকালে তিনি কিছুক্ষণের জন্য চোখ মেলে তাকান। তবে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনো আশংকামুক্ত নন।
মিজান চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিল রোগে ভুগছেন। দেশ - বিদেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার পর কিছুদিন ধরে বারডেম হাসপাতালে ডা. ওমর ফারুকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
