২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি ও নতুন নির্বাচন কমিশনারদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন বি চৌধুরী ও ড. কামাল

বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন রোববার অনতিবিলম্বে বিতর্কিত নির্বাচন কমিশনারদের নিয়োগ বাতিল করে নির্বাচন কমিশন সংস্কারে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

তারা বলেন, রাষ্ট্রক্ষমতার মালিক জনগণ। কিন্তু বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার ও নতুন দুই নির্বাচন কমিশনারের অধীনে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবেন।

বিকল্প ধারা বাংলাদেশের সাধারণ সম্পাদক মেজর (অব.) আব্দুল মান্নানের গুলশানের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

বি চৌধুরী বলেন, নীল নকশার নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসার জন্যে বিএনপি-জামাত জোট ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং এজন্যে তারা সংবিধান, আদালতের রায়, গণতন্ত্র ও জনমতকে উপেক্ষা করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

ড. কামাল হোসেন বলেন, সরকারের সাথে যোগসাজশের মাধ্যমে সিইসি ও অপর দুই বিতর্কিত নির্বাচন কমিশনার জনগণের ভোটারাধিকার নিয়ে লুকোচুরি খেলা খেলছে।