বিদিশাকে প্রতিহত করতে রংপুরে ব্যারিকেড: র্যাবের অ্যাকশনে আহত ৫
এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কর্মীরা শনিবার রাতে বিদিশার উত্তরাঞ্চল সফর শেষে ঢাকা ফেরার পথে রংপুর মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করলে র্যাব সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে জাতীয় পার্টির পাঁচ কর্মী আহত হয়েছে।
শহরের ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রেল ক্রসিংয়ের কাছে এরশাদের পল্লী নিবাসের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নবগঠিত জাতীয় পার্টি গণতান্ত্রিক ধারার প্রতিষ্ঠাতা বিদিশা এবং শফিউল আলম প্রধানকে প্রতিহত করতে শনিবার রাতে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কর্মীরা ঢাকা--রংপুর মহাসড়কে মিনিবাস ও প্রাইভেট কার রেখে ব্যারিকেড সৃষ্টি করে।
উত্তরাঞ্চলের জেলাগুলোতে তিন দিনের সফর শেষে বিদিশা ও প্রধান ঢাকা ফিরে যাচ্ছেন এ সংবাদ পেয়ে জাতীয় পার্টির (এরশাদ) কর্মীরা মহাসড়কে এ ব্যারিকেড সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে র্যাবের তিনটি জিপ ঘটনাস্থলে পৌঁছালে জাতীয় জাতীয় পার্টির কর্মীরা রেল গেটের কাছে তাদের বাধা দেয়। এসময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে র্যাব সদস্যরা ব্যারিকেড সৃষ্টিকারীদের ওপর হামলা চালালে পাঁচজন আহত হয়।
আহতদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে, সামসুল, হুমায়ুন ও মনা।
