২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি এমপি শামসুল ইসলাম খানের শেষ নি:শ্বাস ত্যাগ

৪ আসন থেকে নির্বাচিত বিএনপির সাংসদ, সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খান (নয়া মিয়া) রোববার দুপুরে ঢাকার ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে মৃত্যূবরন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

মৃত্যূকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। বার্ধক্যজনিত অসুখ ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংসদ শামসুল ইসলাম খানের আকস্মিক মৃত্যুতে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা, স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তথ্য মন্ত্রী এম. শামসুল ইসলাম, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন, হুইপবৃন্দ ও মানিকগঞ্জের সাংসদ সাবেক মন্ত্রী হারুনুর রশীদ খান মুন্নু শোক প্রকাশ করেছেন।

পৃথক পৃথক বিবৃতিতে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার রাতে মরহুমের বাসায় যান। তিনি মরহুমের পরিবারের সদস্যদের সান্তনা দেন।

মরহুম শামসুল ইসলাম খান ১৯৯১ সালে প্রথমবারের মতো মানিকগঞ্জ সদর ও সিঙ্গাইর থানা এলাকা নিয়ে গঠিত আসন থেকে সাংসদ নির্বাচিত হন।

ওই নির্বাচনে বিএনপি ক্ষমতা গঠন করলে তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এছাড়া ১৯৯৬ ও ২০০১ সালেও একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন।

এর আগে তিনি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় ক্লাব আবাহনীর সভাপতি ছিলেন।

বিডিনিউজের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শামসুল ইসলাম খানের আকস্মিক মৃত্যুতে এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মরহুম শামসুল ইসলামকে মঙ্গলবার বাদ জোহর ঢাকার বনানী গোরস্থানে সর্বশেষ জানাযার পর দাফন করা হবে।

এরআগে সোমবার সকাল ১০টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে পর্যায়ক্রমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ১১টায়, মানিকগঞ্জের সিঙ্গাইরে ও তার গ্রামের বাড়ি চারিগ্রামে পৃথক পৃথক নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।