২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসিসহ নতুন দুই ইসি’র পদত্যাগের দাবিতে সারাদেশে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিক্ষোভ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ ও বিতর্কিতভাবে নিয়োগ পাওয়া দুই নির্বাচন কমিশনার (ইসি) বিচারপতি মাহফুজুর রহমান ও স ম জাকারিয়ার পদত্যাগের দাবিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 06:21 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে এসএএসপি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) দক্ষিণ হলে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশ করে। এসএএসপি’র আহ্বায়ক ব্যারিস্টার এম আমির উল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন।

বিরোধী ১৪ দলের ডাকা রোববারের হরতালের প্রতি সমর্থন ব্যক্ত করে এসএএসপি’র সমাবেশ থেকে আইনজীবী ও অন্যান্য পেশারজীবীসহ দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের নীল নকশার নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানানো হয়।

আইনজীবী নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে সিইসি ও বিতর্কিতভাবে নিয়োগপ্রাপ্ত নতুন দুই ইসিকে তাদের পদ থেকে অপসারন করতে হবে।

তারা বলেন, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের অসাংবিধানিক কর্মকাণ্ড ও চারদলীয় জোট সরকার দুইজন বিতর্কিত লোককে ইসি নিয়োগ দেওয়ায় নির্বাচন কমিশন একটি রঙ্গমঞ্চে পরিণত হয়েছে।

ব্যারিস্টার আমির উল ইসলাম বলেন, দেশের জনগণ যখন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে অপেক্ষা করছে, তখন সিইসি ও সরকারের কর্মকাণ্ড দেশ ও দেশের গণতন্ত্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের মাধ্যমে ১৫ ফেব্র“য়ারির মত একটি প্রহসনের নির্বাচন আয়োজন করতে সরকার সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি বলেন, সরকার বুঝতে পেরেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সরকার ক্ষমতায় আসতে পারবে না। কেননা, বিএনপি--জামাত জোট সরকারের অপকর্মের কারণে জনগণ তাদের আর ভোট দেবে না। আর তাই তারা একটি নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র করছে।

সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এসসিবিএ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এনায়েতুর রহিম, অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, অ্যাডভোকেট সিরাজুল হক, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু, অ্যাডভোকেট এম এ কুদ্দুস।