হরতালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে শতাধিক আহত, আটক ৫০
পুলিশের লাঠিচার্জ, সংঘর্ষ, ভাংচুর ও ধর - পাকড়ের মধ্যে দিয়ে ১৪ দল আহূত সারাদেশে সকাল - সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
সংঘর্ষে ঢাকা, রংপুর, টঙ্গি, নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জে শতাধিক ব্যাক্তি আহত হয়। পুলিশ প্রায় ৫০ জন হরতাল সমর্থককে আটক করে।
হরতাল চলাকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, মহাখালী, রাসেল স্কোয়ারে সংঘর্ষের ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা কাজী মোস্তাক এলেনসহ বিভিন্ন স্থানীয় নেতা রয়েছেন।
রাজধানীর বিভিন্ন স্থানে ভোর থেকেই বিপুল সংখ্যক আর্মড পুলিশ, টহল পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়।
বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, জিরো পয়েন্ট এবং মুক্তাঙ্গনসহ শহরের বিভিন্ন স্থানে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দেয়।
প্রত্যক্ষদর্শিরা জানান, সকাল সাড়ে ৬ টায় ওয়ার্কার্স পার্টির একটি মিছিল কেন্দ্রীয় কার্যালয় থেকে পল্টন মোড় ঘুরে মতিঝিলের দিকে এগিয়ে গেলে পুলিশ হামলা চালায়। এতে প্রায় ১৪ - ১৫ জন নেতাকর্মী আহত হয়। পুলিশ সেখান থেকে ২০ জনকে আটক করে।
প্রায় একই সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একটি মিছিল পল্টনের আজাদ প্রোডাক্টসের সামনে এলে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। এতে আহত হয় ছয় - সাতজন।
এদিকে সকাল সাড়ে ৭ টায় মহাখালী চৌরাস্তা এলাকায় তোফায়েল আহমেদ, কর্ণেল ফারুক খান এমপি (অব.), আলহাজ্ব রহমতউল্লাহ এবং কাজী মোস্তাক এলেনের নেতৃত্বে একটি মিছিল বের হলে পুলিশ চারদিক থেকে মিছিলটি ঘিরে ফেলে লাঠিচার্জ করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সেখানে আহত হয় ১০ - ১২ জন নেতাকর্মী। পুলিশ মহানগর নেতা এলেনসহ আট - দশ জনকে আটক করে।
রাজধানীর শ্যামপুর এলাকায় সকাল ৮ টায় আওয়ামী লীগসহ ১৪ দলের একটি মিছিল বের হলে পুলিশ লাঠিচার্জ করে। সেখান থেকে ১২ জন নেতাকর্মীকে আটক করা হয়।
আজিমপুর এলাকায় সকাল ১১টায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন একটি মিছিল বের করলে পুলিশ হামলা চালায় এবং লাঠিচার্জ করলে সাত - আটজন আহত হয়। পুলিশ এখান থেকে লালবাগ থানা ছাত্রলীগ সভাপতি সাগর আহমেদকে আটক করে।
জিরো পয়েন্ট মোড়ে সকাল ১১টায় তোফায়েল আহমেদের সাথে কয়েকজন নেতাকর্মী আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এগিয়ে গেলে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের বুটের আঘাতে স্বেচ্ছসেবক লীগের রফিক নামে এক কর্মী গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পল্টন মোড়ে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের নেতৃত্বে সংগঠনের ২০ - ২৫ জন নেতাকর্মীর মিছিলে পুলিশ বাধা দেয়। তারা ফিরে যেতে থাকলে পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে পুলিশ তাদেরকে পদাঘাত করে রাস্তায় ফেলে দেয়। এতে পাঁচ - ছয় জন আহত হয়। পুলিশ নয় জন যুব মহিলা কর্মীকে আটক করে।
এদিকে কমলাপুর রেলস্টেশন সংলগ্ন বস্তির পাশে সকাল সোয়া ১১টায় এক বোমা বিস্ফোরণে ইমরান (১৬) নামের এক তরুণ মারাত্মক আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের কাঁটাতারের ব্যারিকেডের বাইরে মুক্তিযুদ্ধ ক্রীড়াচক্রের সামনে রাস্তা অবরোধ করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে মিটিং করে।
এছাড়া বিডিনিউজের প্রতিনিধিরা জানান, রংপুরে ৪০ জন, টঙ্গিতে ১৫ জন, মুন্সিগঞ্জে ৬ জন এবং নারায়নগঞ্জে বেশ কয়েকজন আহত হয়েছে।
