রোববার দেশব্যাপী আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ
প্রধান নির্বাচন কমিশনার ও সদ্য নিয়োগপ্রাপ্ত দুইজন বিতর্কিত নির্বাচন কমিশনারের অপসারণ দাবিতে রোববার দেশব্যাপী আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করবে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এক বিবৃতিতে বলা হয়, ভোটার তালিকা প্রণয়নে প্রধান নির্বাচন কমিশনারের ধারাবাহিক অসাংবিধানিক কর্মকাণ্ড এবং সম্প্রতি জোট সরকার কর্তৃক দুজন বিতর্কিত নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে নির্বাচন কমিশনকে প্রহসনে পরিণত করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে এবং জাতির আস্থা ফিরিয়ে আনতে প্রধান নির্বাচন কমিশনারসহ সদ্য নিয়োগপ্রাপ্ত দু’জন নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশে ঢাকার কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রোববার দুপুর ১২টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ১নং হলে আইনজীবী সমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়।
