প্রখ্যাত রাজনীতিক মিজান চৌধুরীর অবস্থা সংকটাপন্ন
প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রখ্যাত আওয়ামী লীগ নেতা বর্ষিয়ান রাজনীতিবিদ মিজানুর রহমান চৌধুরীর অবস্থা সংকটাপন্ন।
ঢাকার বারডেম হাসপাতালে আইসিইউতে কৃত্রিম শ্বাস- প্রশ্বাসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।
পারিবারিক ও দলীয় সূত্র বিডিনিউজকে জানায়, মিজান চৌধুরী দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত। দেশ বিদেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার পর গত প্রায় দু’সপ্তাহ ধরে বারডেম হাসপাতালে ডা: ওমর ফারুকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় মিজান চৌধুরী ইন্তেকাল করেছেন - নগরীতে এমন সংবাদ ছড়িয়ে পড়ে। রাত সাড়ে সাতটায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয় থেকে বিডিনিউজ’কে মিজান চৌধুরীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হলেও পরে হাসপাতাল থেকে তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানা যায়।
অন্যদিকে পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দুপুর থেকে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকরা তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাত আটটায় ডাঃ ওমর ফারুক বিডিনিউজকে জানান, “মিজান চৌধুরীর কিডনি কাজ করছে না। এছাড়া অন্যান্য জটিল রোগে আক্রান্ত এ নেতাকে বাঁচিয়ে রাখার সর্বাতক চেষ্টা চলছে।”
মিজান চৌধুরীর সংকটাপন্ন অবস্থার খবর পেয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা হাসপাতালে ছুটে যান। তারা কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন।
