২৩ জানুয়ারি সংসদ অধিবেশন, আওয়ামী লীগ ফিরছে, জঙ্গি ইস্যুতে উত্তপ্ত হতে পারে
দেশে সাম্প্রতিক বোমাবাজি ও জঙ্গি তৎপরতা নিয়ে সংসদের আসন্ন অধিবেশন উত্তপ্ত হয়ে উঠতে পারে। দীর্ঘ এক বছর বর্জনের পর এ অধিবেশনেই প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংসদে যোগ দিচ্ছে।
আগামী ২৩ জানুয়ারি সোমবার বিকেল ৪টায় ৮ম জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হবে। এটি হবে চলতি বছরের প্রথম ও শীতকালীন অধিবেশন।
রীতি অনুযায়ী এ অধিবেশনের উদ্বোধনী দিবসে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মদ জোট সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে ভাষণ দেবেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা থাকায় এ অধিবেশন কিছুটা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে।
রাষ্ট্রপতির ভাষণ বর্জনের কারণে আওয়ামী লীগ প্রথম দিনেই সংসদে যোগ দিচ্ছে না। ওইদিন ১৪ দল পল্টন ময়দানে জনসভা করবে।
৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিতির কারণে সদস্যপদ বাতিলের বাধ্যবাধকতা থাকায় আওয়ামী লীগ সংসদে ফিরছে।
এ ব্যাপারে বিরোধী দলের উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেছেন, নির্লজ্জভাবে কার্যপ্রণালী বিধি লংঘন করে স্পিকার জাতীয় সংসদের অধিবেশন চালাচ্ছেন। এখানে যোগ দিয়েও বিরোধী দলের সদস্যরা কোনো কথা বলতে পারেন না। তাই যোগ দেওয়া বা না দেওয়ার বিষয়টি দলের সাংসদদের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেয়া হবে।
তবে সরকারের নীতিনির্ধারক ও স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিরোধী দলের সংসদে ফিরে আসা উচিত। বিরোধী দল যেহেতু সংসদে দীর্ঘদিন ধরে আসেনি, তাই স্পিকার তাদের হয়তো পুষিয়ে দিতে চেষ্টা করবেন।
ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে বলেন, সাংসদ পদ ধরে রাখার চেয়েও শীতকালীন অধিবেশনে একটু উষ্ণতা ছড়িয়ে দিতে হলে বিরোধী দলের সংসদে ফিরে আসা উচিত।
সূত্র জানায়, এ অধিবেশনে প্রধান বিরোধী দল যোগ দিয়ে দেশে সাম্প্রতিক জঙ্গি তৎপরতা বিষয়ে আলোচনা করার চেষ্টা করবে। এতে সরকারি দলের পক্ষ থেকে কোনো প্রকার বাধা দেওয়া হলে তারা ওয়াক আউট করতে পারে।
সংসদের আসন্ন অধিবেশন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপণ ও পাস করা হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : জঙ্গি বোমাবাজদের শাস্তি বৃদ্ধি করে সন্ত্রাস বিরোধী বিল, কোম্পানি আইন সংশোধনী বিল, বিশ্বব্যাংকের দায়মুক্তি বিল, মানি লন্ডারিং নিয়ন্ত্রণ আইন সংশোধনী বিল ও বেসরকারি নিরাপত্তা সেবা বিল।
সূত্র জানায়, দেশব্যাপী সাম্প্রতিক বোমা হামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয় সন্ত্রাস বিরোধী কঠোর আইন প্রণয়নের বিভিন্ন দিক খতিয়ে দেখছে। বিলটির খসড়া ইতোমধ্যে তৈরি করা হয়েছে। সংসদে উত্থাপণের আগে বিলটি মন্ত্রিসভায় চুড়ান্ত করা হবে।
