ভুয়া ভোটার সম্পর্কে তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদ
প্রধানমন্ত্রীর পুত্র ও বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান বর্তমান ভোটার তালিকায় ৬৪ লাখ ভুয়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছে বলে যে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ক্ষমতা গ্রহণের চার বছর তিন মাস পেরিয়ে যাওয়ার পর ‘জুতা আবিষ্কারের’ মতো তারেক রহমানের উর্বর মস্তিষ্কের এই তত্ত্ব হাইকোর্টের রায় অমান্য করে জোট সরকারের অবৈধ ভোটার তালিকার বিরুদ্ধে গড়ে ওঠা জনমতকে বিভ্রান্ত করার অপকৌশল। প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তেরই অংশ এটি।
ওবায়দুল কাদের বলেন, চক্রান্ত করে আওয়ামী লীগ সমর্থকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর অভিলাষ পূর্ণ করতে চায়।
তিনি বলেন, তারেক রহমান এ উক্তির মাধ্যমে ২০০১ সালের পহেলা অক্টোবরের নির্বাচনকে কারচুপি ও অপকৌশলের নির্বাচন হিসেবেই স্বীকার করে নিয়েছেন। তার কথা অনুযায়ীই প্রমাণিত হয়, বিএনপি--জামাত জোট অবৈধ ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছে।
