ধর্মীয় উগ্রবাদ, প্রান্তিক দরিদ্রতা এবং রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের গণতন্ত্রাতিক পরিবেশকে ধ্বংস করছে
ঢাকায় অনুষ্ঠিত এক আঞ্চলিক সেমিনারে বৃহস্পতিবার বক্তারা ধর্মীয় মৌলবাদের উত্থান, প্রান্তিক দরিদ্রতা এবং রাজনৈতিক সংস্কৃতিতে সংঘাত ও দ্বিধাবিভক্তিকে দেশে গণতন্ত্রায়নের পথে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন।
সেমিনারে উপস্থিত পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানও এই মতকে সমর্থন করে বলেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতি, ভূমিকা এবং আচরণকে অবশ্যই গণতান্ত্রিক আচরণ ও মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তন করতে হবে এবং এজন্য সময়ের প্রয়োজন রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ রাস্ট্রবিজ্ঞানী সমিতির সভাপতি অধ্যাপক আতাউর রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার দেড় দশকেও বাংলাদেশের প্রধান দুইটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ এমন কোন নিরপেক্ষ স্থান বের করতে পারেনি যেখানে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলায়তনে, বিপিএসএ এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির যৌথ আয়োজনে “রাজনৈতিক উন্নয়নের নতুন ভাবনা : দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও গণতন্ত্র” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিআইআইএসএস বোর্ড অফ গর্ভনর্স-এর চেয়ারম্যান মুফলেহ আর ওসমানীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক জিল্লুর রহমান।
সেমিনারের উদ্বোধনী অধিবেশনে পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বলেন, বিশ্বায়নের নতুন যুগে গণতান্ত্রিক পরিবেশ, উন্য়ন ও নিরাপত্তা সকল অঞ্চলের যে কোন রাষ্ট্রের জন্য অপরিহার্য।
১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলা পরবর্তী সময়ের কথা উল্লেখ করে মোরশেদ খান বলেন, বর্তমান সময়ে কোন রাষ্ট্রই সম্পূর্ন নিরাপদ নয়। ওই ঘটনা অন্যের সাথে সমস্যা ভাগাভাগির মাধ্যমে দেশের জনগণ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে শিখিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ বিরোধী প্রোপাাগান্ডা প্রতিনিয়ত দেশের ভিতরে ও বাইরে সংশয় সৃষ্টির অপচেষ্টা করে চলেছে এবং এই অনাকাংখিত প্রপোগান্ডা আমাদের জন্য বিভিন্ন কঠিন সমস্যার সৃষ্টি করছে।
সেমিনারে অধ্যাপক আতাউর রহমান দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের সংসদের বিগত ১৪ বছরের আউটপুট খুবই সামান্য এবং অনেক সময় জনগণ একে কাদা ছোঁড়াছুড়ি ও অশালিন ভাষা চর্চার স্থান হিসেবে অবহিত করে থাকে।
অধ্যাপক আতাউর রহমান আরো বলেন, অধিকাংশ বিলই সংসদের বাইরে আমলাতন্ত্রের হাতে তৈরী হয়। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, পেশিশক্তি ও দলীয় নিয়ন্ত্রণ সংসদকে অকার্যকর করে রেখেছে।
