বিজেএএফ- এর সম্মেলন করার কোনো এখতিয়ার ব্যারিস্টার হুদার নেই: অ্যাডভোকেট টিএইচ খান
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) একাংশের সভাপতি অ্যাডভোকেট টিএইচ খান বুধবার বলেছেন, ব্যারিস্টার নাজমুল হুদাকে এর আগে ফোরাম থেকে বহিস্কার করায় এখন আর তার সম্মেলন করার কোনো এখতিয়ার নেই।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা নেতৃত্বাধীন বিজেএএফ- এর বৃহস্পতিবারের সম্মেলনের আগে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে টিএইচ খান বলেন, বিএনপি হাই কমান্ডের নির্দেশ আমরা আমাদের ৭ জানুয়ারির সম্মেলন স্থগিত করেছি। কিন্তু হুদা বিএনপি হাই কমান্ডের নির্দেশ অমান্য করে সম্মেলন করছে।
তিনি আরো বলেন, বিএনপি হাই কমান্ড তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার আমিনুল হক, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
এদিকে অ্যাডভোকেট টিএইচ খানের বক্তব্যের জবাবে ব্যারিস্টার নাজমুল হুদা বিডিনিউজকে বলেন, টিএইচ খান ও ব্যরিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন বিজেএএফ- এর সাংগঠনিক শক্তি না থাকায় ৭ জানুয়ারির সম্মেলন স্থগিত করে।
বিজেএএফ-এ টিএইচ খান ও ব্যারিস্টার আমিনুল হক মেয়াদ ১০-১২ বছর আগেই শেষ হয়ে গেছে। বিএনপি সমর্থিত আইনজীবীরা ওই কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করেছে।
এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার হুদা বলেন, সম্মেলন স্থগিত করার ব্যাপারে তিনি বিএনপি হাই কমান্ডের কোনো নির্দেশ পাননি।
তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আমরা বিজেএএফ- এর সম্মেলন করছি। বিরোধী দলের আন্দোলন মোকাবেলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এদিনে আমরা একটি নতুন কমিটি গঠন করব।
যোগাযোগ মন্ত্রী আরো বলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গনে আয়োজিত এ সম্মেলনে প্রায় আড়াই হাজার বিএনপি সমর্থিত আইনজীবী অংশ নেবেন।
তিনি আরো বলেন, অ্যাডভোকেট টিএইচ খান, ব্যারিস্টার আমিনুল হক ও তাদের অনুসারিদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
