২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেউ জিয়াকে ছোট করার চেষ্টা করলে নিজেরাই ছোট হবে: জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। ’৭১-এ রাজনৈতিক নেতারা ব্যর্থ হওয়ার তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 07:06 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বুধবার ঢাকার মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োাজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া।

বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেএম ওবায়দুর রহমান, ড. আরএ গণি, প্রাক্তন উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব ও পূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ইনাম আহমেদ চৌধুরী, জাফরুল হাসান, শামসুজ্জামান দুদু, ফজলুল হক মিলন, বাবুল আহমেদ, আজিজুল বারী হেলাল প্রমুখ।

আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, জিয়া আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেন। তিনি চেয়েছিলেন একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে। তাই দেশে গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা পূন:প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশের শাসন ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন।

তিনি বলেন, কেউ কেউ জিয়ার চরিত্র হনণের চেষ্টা করছে। কারণ তারা যেখানে ব্যর্থ ছিলেন, সেখানেই জিয়া সফল হয়েছিলেন। হীণমন্যতার জন্যে কেউ জিয়াকে ছোট করার চেষ্টা করলে নিজেরাই ছোট হবে।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বর্তমান সরকার জিয়ার আদর্শ প্রতিষ্ঠার জন্যে কাজ করে যাচ্ছে। জিয়ার অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন ও আদর্শ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে।

কেএম ওবায়দুর রহমান বলেন, জিয়াউর রহমান জীবনে অনেক কাজ করেছেন। যার মধ্যে অন্যতম কাজটি হচ্ছে মধ্যপন্থী দল হিসেবে বিএনপির প্রতিষ্ঠা। সকল ধরণের মৌলবাদের বিরোধিতা করাই বিএনপির মূলনীতি।

ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, জিয়া ক্ষমতা গ্রহণের সময় দেশের সুশাসনের কোনো উপকরণ ছিল না। কিন্তু মাত্র দেড় বছরের মধ্যে তিনি অবস্থার পরিবর্তন করতে সক্ষম হন। তার দক্ষতা ও সততার কারণে তিনি এটা করতে পেরেছিলেন।