সিইসিসহ ২ ইসির পদত্যাগ ও সংস্কার ছাড়া নির্বাচন নয়: আ.লীগ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ ও নব নিযুক্ত দুই নির্বাচন কমিশনারের (ইসি) পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ ও নব নিযুক্ত দুই নির্বাচন কমিশনারের (ইসি) পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ।
সিইসি ও দুই ইসি’র পদত্যাগ এবং সরকার পতন আন্দোলন এগিয়ে নেয়ার লক্ষ্যে বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দলের সকল সহযোগী সংগঠন ও কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদকদের এক যৌথ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি জামাত জোট নির্বাচনে ভোট কারচুপি করতে তাদের দলের আজ্ঞাবহ লোক নিয়োগ করে নির্বাচন কমিশনকে নির্ললজ্জভাবে দলীয়করণ করছে। আদালতের রায়কেও তারা আমলে নিচ্ছে না। এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
বঙ্গবন্ধু এভিনিউ- এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগসহ ১৪ দল ঘোষিত ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় কর্মকৌশল নির্ধারণ এবং প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
যৌথ সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাকালে বেশিরভাগ নেতার কণ্ঠেই ছিল প্রচণ্ড ক্ষোভ। কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বয়হীনতার কথাও উল্লেখ করেন অনেকে।
অধিকাংশ বক্তা ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে প্রকাশ্য দ্বন্দ্ব অব্যাহত থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে অচলাবস্থা রাজধানীতে আন্দোলন সংগ্রাম এগিয়ে নেয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তারা অবিলম্বে এ অবস্থা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যে কেন্দ্রীয় নেতাদের অনুরোধ জানান।
এছাড়া কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদকদের কার্যক্রম ও ভূমিকা নিয়েও সভায় সমালোচনা করা হয়। আন্দোলনের চূড়ান্ত পর্যায়েও রাজপথের কর্মসূচিতে তাদের সক্রিয় অংশগ্রহণ না করার বিষয়টিও উল্লেখ করেন অনেক বক্তা।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিক নির্দেশানমূলক বক্তব্যে বলেন, সরকার বিরোধী চলমান আন্দোলন এগিয়ে নিয়ে চূড়ান্ত বিজয় অর্জনের লক্ষ্যে কোন নেতা কর্মীরই আর ঘরে বসে থাকা চলবে না। ১৪ দল ঘোষিত ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সফল করতে এবং জোট সরকার ও সিইসিসহ নবনিযুক্ত দুই নির্বাচন কমিশনারের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক জনমত গঠনের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতৃত্বে সৃষ্ট ভুল বুঝাবুঝি ও দ্বন্দ্ব অবিলম্বে মিটিয়ে ফেলার নির্দেশ দেন তারা।
বৃহস্পতিবার বিকেলে নগরীর মুক্তাঙ্গনে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ, ২২ জানুয়ারির হরতাল, ২৩ জানুয়ারি পল্টন ময়দানে সমাবেশ এবং ৫ ফেব্র“য়ারির লংমার্চ কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতা কর্মীকে সক্রিয় ভূমিকা পালনের জন্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ দেন।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এমপি, কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নান, ওবায়দুল কাদের এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং উপকমিটির কয়েকজন সহ সম্পাদক উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সভায় অংশ নিলেও সভাপতি মোহাম্মদ হানিফ উপস্থিত ছিলেন না। হজ্ব পালন শেষে বুধবার দুপুরে দেশে ফিরেছেন বলে বিডিনিউজকে জানিয়েছেন তিনি।
