বৃহস্পতিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনারদের মধ্যে তীব্র মতাবিরোধিতার মধ্য দিয়েই বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সভায় বসছে নির্বাচন কমিশন।
সদ্য নিযুক্ত নির্বাচন কমিশনার স ম জাকারিয়া এ বিষয়ে জানান, ‘বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ সভায় সভাপতিত্ব করবেন।’
অসুস্থতার কারণে ৮ জানুয়ারি থেকে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে অনুপস্থিত রয়েছেন।
জাকারিয়া জানায়, সভার প্রধান আলোচ্যসূচি হবে, ভোটার তালিকা প্রণয়নে হাইকোর্টের নির্দেশ অনুসরণ করা।
তবে এর সঙ্গে আরো দু একটি ইস্যুও থাকতে পারে বলে জানান তিনি।
হাইকোর্ট গত ৪ জানুয়ারি এক রায়ে ২০০০ সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে নতুন তালিকা প্রণয়নের জন্যে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেন।
নির্বাচন কমিশনের দুই কমিশনার এমএম মুনসেফ আলী এবং একে মোহাম্মদ আলী প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দ্বিমত করে হাইকোর্টের রায় মেনে ভোটার তালিকা হালনাগাদ করার পক্ষপাতি। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে তাদের মতবিরোধ চলে আসছে।
নবনিযুক্ত কমিশনার সম জাকারিয়া সাংবাদিকদের বলেন, সচিব হিসেবে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে ১৫ জানুয়ারি আদালতের রায়ের নথি উপস্থাপন করেছি। আর এখন কমিশনার হিসেবে বলছি, আদালতের রায় সম্পর্কিত নথি সিইসি ও কমিশনারদের হাত ঘুরে বুধবার হাতে পেয়েছি এবং এতে বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠানের কথা বলা হয়েছে।
৪ জানুয়ারি আদালতের রায়ের পর সেব্যাপারে সিদ্ধান্ত নিতে এতটা দেরি কেন হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের রায়ের কপি ঈদের ছুটির আগের দিন অর্থাৎ ৮ জানুয়ারি কমিশনে পৌঁছে কিন্তু ঈদের ছুটির কারণে তা সচিবালয় পৌঁছাতে ১৫ জানুয়ারি পর্যন্ত লেগে যায়।
তিনি আরো জানান, বৈঠক করতে সিইসি বৃহস্পতিবার সকালে অফিস করবেন। গতবছর ৬ আগস্ট নির্বাচন কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান বুধবারও ভোটার তালিকার বিষয়ে আদালতের নির্দেশনার ইস্যুতে তার মতামত পরিবর্তন করেননি। তিনি বলেন,‘ আমার যা বলার তা কালই বলে দিয়েছি।’
নির্বাচন কমিশনার নিযুক্ত হবার পর প্রথম কাযদিবসেই মঙ্গলবার তিনি ভোটার তালিকা সম্পর্কে আদালতের নির্দেশনাকে ‘আইন সম্মত নয়’ বলে উল্লেখ করেন।
নিয়োগের পরপরই নতুন দুই কমিশনারের আক্রমনাত্মক বক্তব্যে নির্বাচন কমিশনারদের মধ্যে বিভক্তি দেখা দেয়। নতুনদের এ আচরণে পুরোনোরাও তাদের নিজস্ব অবস্থানে দৃঢ় থেকে বলেন, ‘আমরা আমাদের আগের অবস্থানেই রয়েছি। কোনভাবেই মতামত পরিবর্তন করবো না।’
কমিশনার মুন্সেফ আলী আদালতের রায় সম্পর্কে বলেন, রায় সম্পর্কে আমার কিছু বলার নেই, এ রায় সম্পর্কে শুধু উচ্চ আদালতই সমালোচনা করতে পারে।
বৈঠকে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হলে তাদের অবস্থান কী হবে জানতে চাইলে তিনি বলেন, বৈঠকেই বোঝা যাবে আমরা কী করবো।
এদিকে মোহাম্মদ আলী বিচারপতির সমালোচনা করে বলেন, আদালতের রায় সম্পর্কে সমালোচনা করা একমাত্র উচ্চ আদালতের এখতিয়ার আছে। অন্য কারো নেই।
তিনি আরো বলেন, আদালতের রায় কেবল কমিশন নয় জনগণও মানতে বাধ্য।
তিনি বৈঠক সম্পর্কে বলেন, এর আগে কমিশনে বৈঠক করার ৩ দিন আগে নোটিশ করা হতো। যাতে নিজেদের মতামতকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেয়া যায়। আর এজেন্ডাগুলোও আগে জানানো হতো। এ নিয়মের এই প্রথম ব্যতয় ঘটলো।
দ্বিধা বিভক্তির ক্ষেত্রে সংখ্যা গরিষ্ঠতা ও সংখ্যা লঘুর কথা অস্বীকার করে তিনি বলেন, সময় বলে দিবে আমরা বৈঠকে কী মত দেবো। অপেক্ষা করুন, দেখুন কী হয়?
বুধবার বিকেলে পুরোনো দুই কমিশনারের পিএস বৈঠকের নোটিশ গ্রহণ করেছেন বলে জানায় কমিশন।
নতুন কমিশনারদের সঙ্গে বুধবারও দেখা হয়নি পুরোনো কমিশনারদের।
পর্যবেক্ষক মহলের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার সংখ্যা গরিষ্ঠতা নিয়েই যেনো সিদ্ধান্ত নিতে পারেন, সে জন্য রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ নতুন দুজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন।
