ভোটার তালিকা সংক্রান্ত আদালতের অভিমত আইন সম্মত নয়: বিচারপতি মাহফুজ
সদ্য নিযুক্ত নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান বলেছেন, ভোটার তালিকা সংক্রান্ত আদালতের অভিমত আইন সম্মত নয়। এটি আদালতের এখতিয়ার বহির্ভূত অভিমত এবং স্ববিরোধী।
তিনি মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজ ও আরেক নব নিযুক্ত কমিশনার স ম জাকারিয়া মঙ্গলবার তাদের দায়িত্ব গ্রহণ করেন।
বিচারপতি মাহফুজ বলেন, সংবিধান নিয়ে কোনো অস্পষ্টতা নেই। তবে নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়ে এমন একটা অস্বচ্ছ পরিস্থিতি এবং বিতর্কের সৃষ্টি হয়েছে, যে এটি দূর করা প্রয়োজন।
তিনি বলেন, হাইকোর্ট ভোটার তালিকা নিয়ে কিছু নির্দেশনা দিয়েছে; কিন্তু কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। আমার চেষ্টা হবে, এ সংকট দূর করে জাতিকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।
তিনি আরো বলেন, প্রয়োজন হলে কমিশনের বৈঠক ডাকা হবে। ভোটার তালিকা তৈরী সংক্রান্ত হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপীল করার বিষয়টি বৈঠকের পরে চিন্তা -- ভাবনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
ভোটার তালিকা তৈরীর বিষয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৪ জানুয়ারি নির্দেশ দেয় ২০০০ সালের তালিকাকে ভিত্তি করে ভোটার তালিকা তৈরি করার।
যৌথ বাহিনীর ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযান চলাকালে বাসায় অবৈধ অস্ত্র পাওয়ার অভিযোগ প্রত্যাখান করে বিচারপতি মাহফুজ বলেন, আমার বাসায় অস্ত্র পাওয়া গেলে আমি তো জেলে থাকতাম। আমি এতো বছর আইনের মানুষ ছিলাম, আর এখন আমার বিরুদ্ধে অভিযোগ! আমার শ্যালক বা ছেলে যদি কোনো অপরাধ করে, সে জন্য তো আমি দায়ী নই।
এ সময় স ম জাকারিয়া কানে কানে বিচারপতি মাহফুজকে কিছু বলেন। বিচারপতি মাহফুজ বলেন, আমি এরসঙ্গে (অস্ত্র উদ্ধার ঘটনা) সম্পৃক্ত নই।
নতুন নির্বাচন কমিশার স ম জাকারিয়া নির্বাচন কমিশনার এম এম মুন্সেফ আলী এবং এ কে মোহাম্মদ আলীর নাম উল্লেখ না করে সাংবাদিকদের বলেন, আগে নির্বাচন কমিশনে নথি চালাচালি হতো। এতে নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
তিনি বলেন, নথি চালাচালি না করে তা উপস্থাপন করার বিষয়।
সোমবার রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মদ নির্বাচন কমিশনার হিসেবে বিচারপতি মাহফুজুর রহমান এবং স ম জাকারিয়াকে নিয়োগ দেন। এর আগের দিন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব স ম জাকারিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
কমিশনার হিসেবে নিয়োগের পর পরই তারা শপথ নেন। সে দিনই তারা প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের বাসভবনে গিয়ে সাক্ষাত করেন। প্রধান নির্বাচন কমিশনার অসুস্থ থাকায় বেশ কিছুদিন ধরে অফিস করছেন না বলে তার ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন।
তবে দুকমিশনার মুন্সেফ আলী ও মোহাম্মদ আলীর সঙ্গে নতুন কমিশনারদের এখনো সাক্ষাত হয়নি। যদিও চারজন কমিশনারই মঙ্গলবার অফিসে ছিলেন।
মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, ঐতিহ্য অনুযায়ী নতুন কমিশনাররাই পুরনোদের সঙ্গে সাক্ষাত করবেন।
প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজন নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়ার ঘটনা বাংলাদেশে এটিই প্রথম।
