বিএনপি জামায়াত সরকার জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে: আওয়ামী লীগ
আগামী সাধারণ নির্বাচনে নিজেদের প্রভাব বিস্তারের মাধ্যমে পুনরায় ক্ষমতা দখলের জন্য বিএনপি জামায়াত সরকার জঙ্গি ও বোমাবাজদের পৃষ্ঠপোষকতা করছে।
বাংলাদেশ আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেন, জোট সরকারের সদস্য হওয়ায় সরকার বোমা হামলার সাথে জড়িত অপরাধীদের গোপন রাখতে চায়। তিনি যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবি জানান।
নোয়াখালীর সুধারাম থানার কবিরহাটে আওয়ামী লীগের সমাবেশ থেকে বোমা উদ্ধার নিয়ে প্রশাসনের লুকোচুরি খেলার বিষয়টি জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা ছিল।
বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ মামলা না নেওয়ার তীব্র নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সমাবেশ স্থল থেকে পুলিশ একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে কিন্তু তারপরও বলা হচ্ছে, এটি বোমা নয়, বোমা সদৃশ বস্তু।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, মুকুল বোস উপস্থিত ছিলেন।
