২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রধান বিরোধীদল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো যথাযথ মর্যাদায় মঙ্গলবার সারা দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2006, 04:56 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

সকাল ৬টায় বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

দলীয় নেতা-কর্মীরা সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের  প্রতিকৃতিতে ও টুঙ্গিপাড়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে।

১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে দিল্লি ও লন্ডন হয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন।  

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি সেনারা গ্রেপ্তার করে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগ মঙ্গলবার একটি আলোচনা সভার আয়োজন করে।

ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।