২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সমর্থক আইনজীবীদের দ্বন্দ্ব: আমিনুল গ্রুপের কাউন্সিল স্থগিত, হুদা গ্রুপ অনড়

বিএনপি হাই কমান্ডের নির্দেশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিজেএএফ) তাদের ৭ জানুয়ারির কাউন্সিল স্থগিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 10:22 AM

Updated : 26 Apr 2022, 03:19 PM

তবে এ ধরনের কোনও নির্দেশ না থাকায় যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন বিজেএএফ তাদের ১৯ জানুয়ারির সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে এখনও অনড়।

ব্যারিস্টার নাজমুল হুদা জানান, বিজেএএফ ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালনের পাশাপাশি সম্মেলনের আয়োজন করবে।

তিনি বলেন, বিএনপি ও বিজেএএফ প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি নতুন জীবন ফিরে পাবে। সম্মেলনের মাধ্যমে বিজেএএফ নেতৃবৃন্দের মতপার্থক্য দূর হবে বলে তিনি উল্লেখ করেন।

এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার হুদা বলেন, বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে ১৯ জানুয়ারির সম্মেলন স্থগিত রাখতে বলেননি।

তিনি বলেন, অনেক আগে প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন যে, বিজেএএফ’র মধ্যে যদি কোনও সমস্যা থাকে তবে তা যেন মিটিয়ে ফেলি। ইতোমধ্যেই সমস্যার সমাধান হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

নাজমুল হুদা বলেন, সকল জাতীয়তাবাদী আইনজীবীরা ১৯ জানুয়ারির সম্মেলনে অংশগ্রহণের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন। তবে নির্বাচন না বাছাইয়ের মাধ্যমে বিজেএএফ’র নতুন কমিটি গঠন করা হবে সে ব্যপারে তারা সিদ্ধান্ত নেবেন।

তিনি বিডিনিউজকে বলেন, সম্মেলনের মাধ্যমে বিজেএএফ’র নতুন একটি গতিশীল কমিটি গঠন করা হবে। সম্মেলনের প্রস্তুতি চলছে এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আইনজীবীরা এতে অংশ নেবেন বলে তিনি জানান।

এদিকে ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন বিজেএএফ’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের ৭ জানুয়ারির সম্মেলন স্থগিত করা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী বিজেএএফ’র বিবাদমান উভয় গ্রুপের কর্মসূচিই স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বলে।