২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কে যুক্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রিপরিষদের প্রতি আহ্বান

সচেতনতা বৃদ্ধি বিষয়ক সংগঠন বাংলাদেশ ২০০০ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম শাহজাহান খাদেম এশিয়ান হাইওয়েতে যুক্ত না হওয়ার ব্যাপারে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার খাদেম রোববার এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কে যুক্ত হওয়ার সময়সীমা আরও বাড়ানোর ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে সময়সীমা নির্ধারণ করা হয়েছিলো ৩১ ডিসেম্বর ।

এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কে যুক্ত না হওয়ার ব্যাপারে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তটি পুনরায় ভেবে দেখা দরকার বলে তিনি জানান।

এশিয়ান মহাসড়ক পরিকল্পনার মাধ্যমে ৩২ টি দেশের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে। এ সুযোগ হাতছাড়া করে অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত হওয়া ঠিক হবে না বলে তিনি মতামত ব্যাক্ত করেন।

ইঞ্জিনিয়ার খাদেম আরও বলেন, ঢাকা ছাড়া এশিয়ার সকল দেশের রাজধানীর সাথে যেহেতু এশিয়ান হাইওয়ের মাধ্যমে যোগাযোগ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাই মায়ানমারের মধ্য দিয়ে কক্সবাজার হয়ে রাজধানী ঢাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগের ব্যাপারে বাংলাদেশের যে বিকল্প প্রস্তাব দিয়েছে পার্শ্ববর্তী দেশগুলোর বিমাতাসুলভ আচরণের কারণে তা বাস্তবায়ন অত্যন্ত কঠিন হবে।

এশিয়ান হাইওয়ের বর্তমান মানচিত্রে এশিয়ার ৩২ টি দেশের সাথে ও ইউরোপের সাথে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার ব্যবস্থা রয়েছে। এ ব্যবস্থার আওতায় একটি রাস্তা বেনাপোল ও বাংলাবান্ধা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং অন্যটি সিলেটের তামাবিল হয়ে বাংলাদেশের বাইরে বেরিয়ে যাবে। এক্ষেত্রে প্রবেশ ও নির্গমণ পথ হবে ভারতের সাথে।

বাংলাদেশ ২০০০ এর চেয়ারম্যান বলেন, তার মানে এই না যে, চুক্তি স্বাক্ষর করলেই বাংলাদেশ অন্য ৩২ টি দেশের সাথে ট্রানজিট সুবিধা পেয়ে যাবে।

তিনি বলেন, বর্তমান রোডম্যাপ অনুযায়ী এশিয়ান হাইওয়েতে যুক্ত না হলে পরবর্তীতে ইউএন-এসক্যাপ ওয়ার্কিং গ্র“পে বাংলাদেশ তাদের ভোটাধিকার হারাবে।

তিনি আরও বলেন, যদিও যুক্ত হওয়ার ব্যাপারে সম্মতি প্রদানের সর্বশেষ সময়সীমা ইতোমধ্যে অতিবাহিত হয়ে গেছে, তারপরও বাংলাদেশের উচিত হবে এখনই সময় বাড়ানোর ব্যপারে অনুরোধ রাখা।

যেহেতু এটি এখন আর এসক্যাপের ওপর নির্ভরশীল নয়, তাই বাংলাদেশের উচিত হবে, যত তাড়াতাড়ি সম্ভব এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়ার জন্য চুক্তি স্বাক্ষরের ব্যাপারে তাদের আগ্রহের কথা এর আওতাধিন অন্যান্য দেশগুলোকে জানানো।

শাহজাহান খাদেম জানান, ইউরোপের বাইরে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমের দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বাধা দূর করার লক্ষেই বাংলাদেশের এ নেটওয়ার্কে যুক্ত হওয়া দরকার। এতে করে বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর ঘনিষ্টতা আরও বাড়বে এবং বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকেও লাভবান হবে।

আগামী সোমবার এ ব্যাপারে মন্ত্রিপরিষদের বৈঠক বসবে।