২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি-জাতীয় পার্টি (এ) সংঘর্ষে আহত শতাধিক, ধাওয়া খেয়ে পালাতে গিয়ে বাসের চাপায় ১ জনের মৃত্যু

রাজধানীর পল্টন এলাকায় কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে জাতীয় পার্টি (জাপা- এরশাদ) কর্মীদের হামলা ও দু’পক্ষের সংঘর্ষে রোববার উভয় দলের অর্ধ-শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এ সময় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

আহতদের মধ্যে সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম এবং জাতীয় যুব সংহতির তেজগাঁও থানার সভাপতি আবুল কালাম আজাদ রয়েছেন।

এ সময় জাপা কর্মীরা এলাকায় মোতায়েন করা বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতিতেই মুক্তি ভবনসহ আশেপাশের এলাকায় ব্যাপক ভাংচুর করে। তাদের ওই তাণ্ডবে ৩০টিরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়। তারা ফুটপাতের কয়েকটি বই ও চায়ের দোকানে আগুন লাগিয়ে দেয়।

এছাড়াও বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রথম দিকে পুলিশ হামলাকারীদের কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করলেও এক পর্যায়ে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, রোববার বিকেলে পল্টনের সিপিবি কার্যালয়ের সামনে কমিউনিস্ট পার্টির উদ্যোগে সাম্রাজ্যবাদ বিরোধী সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছিলেন। এ সময় মুক্তাঙ্গনে জাপার সমাবেশ শেষে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে একটি মিছিল বের হয়।

মিছিলটি ম্ক্তুাঙ্গন থেকে সেগুনবাগিচার কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বায়তুল মোকাররমের দিকে ঘুরিয়ে দেয়। মিছিলটি সিপিবি কার্যালয়ের সামনে দিয়ে অতিক্রম করার সময় জাপার কিছু উচ্ছৃঙ্খল কর্মী সমাবেশে হামলা চালায়। এতে সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম, সিপিবি কর্মী আজাহারুল ইসলাম আরজু, জলি তালুকদার, আহসান হাবিব লাভলু, দিলীপ ব্যাপারীসহ প্রায় অর্ধ-শত নেতাকর্মী আহত হয়।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া খেয়ে এক পথচারি যুবক (২৬) পালানোর চেষ্টা করলে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপক্ষের ধাওয়া, পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশী বাধা উপেক্ষা করে জাপা কর্মীরা সিপিবি কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাংচুর শুরু করে। এ সময় সিপিবি কর্মীরা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয়।

জাপা কর্মীরা সিপিবি কার্যালয় ও মুক্তি ভবনে ঢুকে ভেতরের দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। তারা এলাকার ফুটপাতের দোকানপাটে আগুন লাগিয়ে দেয়। পুলিশের উপস্থিতিতেই তারা যাত্রীবাহি বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।

সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজকে জানান, পুলিশ পরিকল্পিত ও উস্কানিমূলক মিছিলটি সিপিবির সমাবেশের দিকে ঠেলে দেয়। পুলিশের মদদেই জাতীয় পার্টির সন্ত্রাসীরা বর্বরোচিতভাবে এ হামলা চালিয়েছে।

তিনি জানান, ঘটনার প্রতিবাদে সোমবার ঢাকায় ও মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় পার্টির শান্তিপূর্ণ মিছিলে সিপিবির কর্মীরা হামলা করে। এ ঘটনায় আবুল কালাম আজাদসহ তাদের অন্তত: ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে।

এদিকে ধাওয়া খেয়ে বাসের চাপায় নিহত যুবককে জাতীয় পার্টি তাদের কর্মী বলে দাবি করেছে।

বিডিনিউজ ঢাকা মেডিক্যাল প্রতিবেদক জানান, ঘটনায় আহত হয়ে ১০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে সিপিবির জলি তালুকদার, মোসলেহউদ্দিন, আসাদুজ্জামান মাসুম, দিলীপ ব্যাপারী, মানবেন্দ্র দেবনাথ এবং জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, বাহাদুর ইসলাম ও রাজু।