সরকার বিরোধী আন্দোলনের জন্যে দরকার হলে সংসদে যাবে আওয়ামী লীগ: আব্দুল হামিদ
সংসদে বিরোধী দলের উপনেতা আব্দুল হামিদ বলেছেন, চলমান সরকার বিরোধী আন্দোলনের স্বার্থে দল যদি মনে করে সংসদে যাওয়া উচিত তাহলে আওয়ামী লীগ সংসদ অধিবেশনে যোগ দেবে।
আব্দুল হামিদ মঙ্গলবার বিডিনিউজকে বলেন, ‘সরকার বিরোধী আন্দোলনের কৌশলের অংশ হিসেবে প্রয়োজনবোধে আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে পারি। সরকার বিরোধী আন্দোলনের স্বার্থে দরকার হলে আমরা সংসদে যোগ দেব’।
এর আগে সোমবার রাতে ১৪ দলের নেতারা সিদ্ধান্ত নেন, সরকার বিরোধী আন্দোলন চরম না হওয়া পর্যন্ত তারা সংসদ ত্যাগ করবেন না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের বাসায় ১৪ দলের লিয়াজো কমিটির ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই মুহূর্তে তাদের সংসদ ত্যাগ করা উচিত হবে না।
সভায় অনেকে সংসদ ত্যাগের পক্ষে মত দিলেও আবদুল হামিদ এ ধরনের সম্ভাবনা উড়িয়ে দেন। তিনি বলেন, আমরা সরকারের পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলন করে যাচ্ছি, আমাদের পদত্যাগ নয়। সঠিক সময় আসলেই কেবল আমরা পদত্যাগ করবো।
প্রসঙ্গত, ২০০৫ সালের ফেব্র“য়ারিতে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার পর আওয়ামী লীগ শেষ বারের মতো সংসদে যায়। তারপর থেকে লাগাতারভাবে সংসদ বর্জন করে চলেছে তারা।
