২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি তৃতীয় শক্তির ঘাড়ে চেপে ক্ষমতায় এসেছে: প্রধান মন্ত্রীর বক্তব্যের জবাবে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছেন, বন্দুকের নলে ক্ষমতা দখলের মাধ্যমে অবৈধভাবে বিএনপি’র জন্ম হয়েছে। তারাই তৃতীয় শক্তির ঘাড়ে চেপে ক্ষমতায় এসেছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

ভোটার তালিকা প্রণয়ন প্রসঙ্গে হাই কোর্টের দেওয়া রায়কে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) উচিত হবে এ রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ব্যবস্থা গ্রহণ করা।

বুধবার পবিত্র হজব্রত পালনের জন্যে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

রোববার পল্টন ময়দানে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ প্রধান  বলেন, তৃতীয় শক্তি কী, তা প্রধানমন্ত্রী ভালো বলতে পারবেন।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জনগণের ভোটে তারা কখনই রাষ্ট্র ক্ষমতায় আসেনি। অন্যদিকে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, সব ক’বারই জনগণের রায় নিয়ে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যে এতো কথা বলেন, তবে ক্যান্টনমেন্টে থাকেন কেন? ক্যান্টনমেন্ট ছেড়ে জনগণের কাতারে আসুক। তখন দেখা যাবে মানুষ কাকে চায়।

ভোটার তালিকা প্রণয়ন প্রসঙ্গে হাই কোর্টের দেওয়া রায়কে ‘চমৎকার’ অভিহিত করে শেখ হাসিনা বলেন, সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) উচিত হবে এ রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ব্যবস্থা গ্রহণ করা। যদি তা না করে জনগণকে আবারও বঞ্চিত করার চেষ্টা হয়, তবে দেশবাসী ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।

জঙ্গিবাদ ও বোমা হামলার তদন্ত রিপোর্ট দু’সপ্তাহ পর পর হাইকোর্টকে জানানোর পরিপ্রেক্ষিতে সরকারের ভূমিকার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আদালতের নির্দেশে যথাযথভাবে সাড়া না দিয়ে সরকার কী লুকোতে চায়?

তিনি বলেন, দেশের কোনো বোমা ও গ্রেনেড হামলার সুষ্ঠু তদন্ত হচ্ছে না। যেটুকু হচ্ছে তাও জনগণের কাছে হাজির করা হচ্ছে না। এর রহস্য কী?

বোমা ও গ্রেনেড হামলার ঘটনা তদন্তে আবারও জাতিসংঘের তদন্ত টিমের দাবি জানান তিনি। এ ব্যাপারে সরকারেরই উদ্যোগ নেয়া উচিত ছিল উল্লেখ করে শেখ হাসিনা জানান, আওয়ামী লীগ এ ব্যাপারে আলাপ আলোচনা করছে।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জঙ্গিবাদের উত্থান ও বোমা, গ্রেনেড হামলার সঙ্গে জোট সরকাই জড়িত। জোটের নেতারাই এর পৃষ্ঠপোষক। প্রধানমন্ত্রী ও তার পুত্র, নিজামী এবং এনএসআই ও ডিজিএফআই’র ডিজিকে ধরে জিজ্ঞাসাবাদ করলেই বোমা গ্রেনেড হামলার আসল তথ্য বেরিয়ে আসবে। সরকার জঙ্গিবাদ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। 

জোট সরকারের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জোট দুঃশাসনে দেশের মানুষের নাভিঃশ্বাস উঠেছে। আমি দোয়া করবো, মানুষ যেন এই জঙ্গি শাসনের হাত থেকে নাজাত পায়। বর্তমান দুঃসহ অবস্থার অবসান ঘটে।

শেখ হাসিনাকে বিমান বন্দরে বিদায় জানাতে আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

হজ পালন শেষে আগামী ১৫ জানুয়ারি দেশে ফিরতে পারেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি এবং চারজন নিকটাতœীয়।

শেখ হাসিনা বিদেশে অবস্থানকালে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।