জোটের ৪ বছর, শনিবার আ. লীগের মাসব্যাপী কর্মসূচি শুরু, ১০ অক্টোবর শেখ হাসিনার ভাষণ
বিএনপি’র নেতৃত্বাধীন জোট সরকারের চার বছরের ব্যর্থতার পুরো চিত্র তুলে ধরে জনগণকে সরকারের বিরুদ্ধে সংগঠিত করতে আওয়ামী লীগ শনিবার থেকে মাসব্যাপী কর্মসূচি শুরু করছে।
পহেলা অক্টোবর ‘ভোট কারচুপি ও ফলাফল জালিয়াতি দিবস’ পালন করবে প্রধান বিরোধী দল। এদিন ঢাকায় অনুষ্ঠিত হবে সেমিনার।
১০ অক্টোবর বিএনপি জামাত জোটের ক্ষমতা গ্রহণের দিন অর্থাৎ সরকারের চার বছর পূর্তিতে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিশেষ ভাষণ দেবেন।
সূত্র জানায়, ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠেয় সুধী সমাবেশের মাধ্যমে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের ৫ বছর ও বিএনপি জামাত জোট সরকারের ৪ বছরের শাসন ব্যবস্থার তুলনামূলক চিত্র তুলে ধরবেন। আগামী দিনে সরকার পরিচালনার সুযোগ পেলে আওয়ামী লীগের প্রতিশ্রুতিগুলোও উপস্থাপন করবেন দলীয় প্রধান শেখ হাসিনা।
এ ছাড়া, বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক ১৫ টি সেমিনার আয়োজন করবে আওয়ামী লীগ। এ সকল সেমিনারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর জোট সরকারের কার্যক্রম ও আওয়ামী লীগ শাসনামলের কার্যক্রমের তুলনামূলক চিত্র তুলে ধরা হবে। একই সঙ্গে প্রকাশ করা হবে বিশেষ ক্রোড়পত্র।
দলীয় সূত্র জানায়, ১ অক্টোবর শনিবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নির্বাচন প্রক্রিয়া ও তত্ত্বাবধায়ক সরকার : অভিজ্ঞতার আলোকে সংস্কার’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আবুল মাল আব্দুল মুহিত। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি সেমিনারে সভাপতিত্ব করবেন।
এ ছাড়া চার অক্টোবর দেশব্যাপী পালিত হবে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি।
