মৌলবাদীদের হাতে মহিলা ফটো সাংবাদিক নাজেহাল
চরমোনাই পীরের নেতৃত্বাধীন রক্ষণশীল রাজনৈতিক দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বেশ ক’জন কর্মীর হাতে ঢাকায় নাজেহাল হয়েছেন দায়িত্ব পালনরত মহিলা ফটো সাংবাদিক।
বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমাবেশের ছবি তুলতে গেলে সংবাদ সংস্থা বিডিনিউজ’র ফটো সাংবাদিক লায়লা আনোয়ার বিন্দুকে হয়রানির শিকার হতে হয়। আন্দোলন কর্মীরা তাকে ফটো তুলতে বাধা দেয়।
সবুজ রংয়ের বড়ো সাইজের পাগড়ি মাথায় এক মৌলবাদী কর্মী বিন্দুকে গালাগাল করে সেখান থেকে চলে যেতে বলে। পুরুষের সামনে ছবি তুলতে আসাটা শরিয়ত বিরোধী উল্লেখ করে সে চিৎকার করে বলে, ওই মেয়ে এখানে কেন? মহিলা ফটোগ্রাফার কেন এসেছে? এসময় বেশ ক’জন কর্মী তার সঙ্গে যোগ দেয় এবং বিন্দুকে ওই স্থান ত্যাগে বাধ্য করে।
তাদের আক্রমণের শিকার হয়েও তিনি তার দায়িত্ব পালন করেন।
পরে অবশ্য দলের সিনিয়র কয়েকজন নেতা এসে ‘অনভিপ্রেত’ এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন।
ইশা আন্দোলন রক্ষণশীল দল হিসেবে দেশে কোরান ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে কাজ করছে। নারী নেতৃত্বও মানতে রাজি নয় তারা। বিএনপি’র নেতৃত্বাধীন জোট সরকারের অন্যান্য শরিক ইসলামী দলের বিরুদ্ধে তারা কথা বলে থাকে।
বিডিনিউজ’র পক্ষ থেকে সংবাদ মাধ্যমের স্বাধীনতাবিরোধী এ ধরনের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোনও ধরনের লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে সকল ধরনের বাধা বিপত্তি সত্ত্বেও বিডিনিউজ তার নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।
