কোরান সুন্নাহ্’র ভিত্তিতে কেউ রাষ্ট্র ব্যবস্থা চাইলে বিরোধিতা করতে পারি না, এটা দলেরও পরিপন্থী নয়: বিডিনিউজকে হানিফ
আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও দলের ঢাকা মহানগর সভাপতি সাবেক মেয়র মোহাম্মদ হানিফ বলেছেন, কোরান ও সুন্নাহ্’র ভিত্তিতে কেউ যদি রাষ্ট্র ব্যবস্থা চায়, তার বিরোধিতা করতে পারি না। আর এ অবস্থান দলের মূল নীতিমালারও পরিপন্থী নয়।
ঢাকায় বিডিনিউজ-এর সঙ্গে বৃহস্পতিবার আলাপকালে মোহাম্মদ হানিফ আরও বলেন, উগ্র সন্ত্রাসী জঙ্গিদের পক্ষে আমার অবস্থান নয়। তবে পবিত্র ইসলামের নামে কেউ যেন ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে না পারে, সে জন্যেই আমি ধর্ম কর্মের স্বাধীনতার প্রস্তাব করেছি। দলের স্বার্থেই আমি একথা বলছি।
মোহাম্মদ হানিফের প্রস্তাবের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভানেত্রীর বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার প্রস্তাব যে আওয়ামী লীগের মূল নীতিমালার বিরুদ্ধে নয়, তা নেত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন।
দিল্লি যাত্রার প্রাক্কালে বুধবার বিমান বন্দরে শেখ হাসিনা বলেছিলেন, সকল ধর্মের স্বাধীনতার কথা আমাদের ঘোষণাপত্রেই স্পষ্টভাবে বলা আছে।
শেখ হাসিনার সঙ্গে তার ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, আমাকে নিয়ে শুধু শুধু অপপ্রচার হয়েছে। আমার ভারত যাওয়ার কথা ছিল না, তাই আমি যাইনি। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ভারত যাওয়ার ব্যাপারে তিনি বলেন, কে গেলো আর কে গেলো না, এটি তেমন গুরুত্বপূর্ণ নয়।
মোহাম্মদ হানিফ বলেন, দেশে একের পর এক যে বোমা হামলার ঘটনা ঘটছে, তা থেকে মানুষকে মুক্তি দিতে কথিত জঙ্গিবাদিদের সঙ্গে আলোচনা হতে পারে। এটি অন্যায় কিছু নয়। কেননা আলাপ আলোচনার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানই উত্তম পন্থা। আর এ আলোচনার মাধ্যমে অনেক কিছু বের হয়েও আসতে পারে।
তিনি বলেন, কে জঙ্গি, আর কে নয়, তা ঢালাওভাবে বলা উচিত নয়। ঢালাওভাবে বলতে গিয়ে তা প্রকৃত আলেম ওলামাদের বিরুদ্ধে যেন না যায়, তারা যেন অযথা হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করা দরকার।
এক প্রশ্নের জবাবে স্পষ্টভাবে তিনি বলেন, কেউ যদি বলে, আমরা আল্লাহ্’র আইন চাই, শেরক-বেদাতমুক্ত বাংলাদেশ চাই, তবে একজন মুসলমান হয়ে তো আমি তার বিরোধিতা করতে পারি না। আর আওয়ামী লীগও যে এমনটি চায়না, একথা তো বলা নেই।
আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা জোর দিয়ে বলেন, দলের স্বার্থেই কথা বলেছি। এটি যদি দল গ্রহণ করে, ভালো। না করলে তো কিছু করার নেই।
মোহাম্মদ হানিফের সাম্প্রতিক বক্তব্য নিয়ে আওয়ামী লীগসহ দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় হওয়ার প্রেক্ষিতে তার অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলন আয়োজন করবেন তিনি। দলীয় প্রধান ভারত থেকে ফিরে এলেই এ সংবাদ সম্মেলন হবে বলে তিনি বিডিনিউজকে জানান।
তিনি অভিযোগ করেন, দলের মধ্যেই কেউ কেউ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তার বক্তব্যকে ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছে। সাবেক মেয়র বলেন, ২০০১ সালের ১ অক্টোবরের পর দলের অনেক নেতাই হুলিয়ার নামে ঘরে বসে ছিলেন। কিন্তু চরম প্রতিকূলতার মাঝেও পরিস্থিতি সামাল দিয়ে আমি সারাক্ষণ মাঠে থেকেছি।
