২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে ধর্মঘট প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের হুমকি

অবশেষে ছুটি সংক্রান্ত জটিলতা নিয়ে আন্দোলন থেকে পিছিয়ে গেল বুয়েটের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বুধবার ধর্মঘট প্রত্যাহার করে তারা ক্লাসে যোগ দিয়েছে। এদিকে মঙ্গলবারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার রাতে শহীদ মিনারে সর্বসম্মতভাবে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। নিজেদের শিক্ষাজীবনের নিরাপত্তার কথা বিবেচনা করেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে দূর্গাপূজা উপলক্ষে চারদিনের ছুটিই বহাল থাকছে। সাত দিনের দূর্গা পূজার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে।

কর্তৃপক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি একটুও নমনীয় হয়নি।

শিক্ষার্থীরা আরো জানায়, যেহেতু এ আন্দোলন ছিল সকল শিক্ষার্থীর মিলিত আন্দোলন সে কারণে সবার সিদ্ধান্ত অনুযায়ীই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে সোমবার শিক্ষার্থীরা এ ধর্মঘটের ডাক দেয়।

এদিকে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক নোটিশে জানায়, মঙ্গলবার উপাচার্যের সাথে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে তাতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে নোটিশে কারো নাম উল্লেখ করা হয়নি।

ওই নোটিশে আরও বলা হয়, বুধবার যদি বিশৃঙ্খল কোনও ঘটনা ঘটে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো কর্মসূচি ছিলনা।