বিএনপি থেকে নজিবুল বশর মাইজভান্ডারির পদত্যাগ, নতুন দল গঠনের আভাস
সাবেক সাংসদ ও বাংলাদেশ দরগাহ মাজার ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।
তিনি সোমবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিকট পদত্যাগপত্র পাঠিয়ে দেন। দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর নিকটও পদত্যাগপত্রের কপি পাঠিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি বলেন, শান্তিপ্রিয় তরিকত জগতের একজন প্রতিনিধি হিসেবে জামাতের সহযোগী হয়ে বিএনপির রাজনীতি করা এ মুহূর্তে আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
কিছুদিন আগে তিনি বিএনপিপন্থী ওলামাদের সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।
পদত্যাগের কারণ হিসেবে নজিবুল বশর মাইজভান্ডারি উল্লেখ করেছেন, মাজার বিরোধি ও মওদুদিপন্থী জামায়াতে ইসলামী ও তাদের দোসররা দেশের বিভিন্ন স্থানে দরগাহ ও মাজারে হামলার সাথে জড়িত। যা অত্যন্ত সুষ্পষ্ট। বিভিন্ন দরগাহ ও মাজারগুলোতে পবিত্র ওরস মাহফিলও বন্ধ করে দেওয়া হয়েছে।
এ অবস্থায় ধর্মীয় ঐতিহ্যগত ধ্যান ধারণার সক্রিয় প্রভাবে তিনি ধর্মের নামে সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্য সৃষ্টিকারিদের প্রতিপক্ষ হিসেবে অবস্থান নিচ্ছেন।
তিনি আরো বলেন, ইসলামের মুখোশধারি মওদুদিবাদী অপশক্তি একের পর এক মাজার ও দরগাহে বোমা হামলা করছে। এর বিরুদ্ধে দেশের পীর-মাশায়েখ, আলেম ও ওলামাগণ রাজপথে নেমেছে।
পদত্যাগপত্রে তিনি মাজার ও দরগাহের প্রতিনিধিদের নিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠনেরও আভাস দিয়েছেন। তিনি বলেন, জামাতের সাথে সহঅবস্থান বিবেকের সাথে প্রতারণা ছাড়া আর কি হতে পারে?
এর আগে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারি ১৯৯৫ সালে দলত্যাগ করে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপিতে যোগ দেন। পরে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিএনপি থেকে সাংসদ নির্বাচিত হন। ওই বছরই ১২ জুনের নির্বাচনে তিনি দল থেকে মনোনয়ন পাননি।
পরে ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেলেও আওয়ামী লীগের রফিকুল আনোয়ারের কাছে পরাজিত হন। জামায়াতে ইসলামীর সাথে জোট গঠনের পর থেকেই তিনি বিএনপির রাজনীতিতে অনেকটা নিষ্ক্রিয় ছিলেন।
