২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণখেলাপিদের ফাঁসি দেওয়া উচিত: মান্নান ভুঁইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া বলেছেন, ঋণ খেলাপি ও অর্থ পাচারকারিদের ফাঁসি হওয়া উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 09:58 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

মন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনে আইন প্রণয়নের পক্ষেও মতপ্রকাশ করেন।

শনিবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জনতা ব্যাংকের সিবিএ’র অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি বক্তৃতায় এ কথা বলেন।

নব নির্বাচিত সিবিএ’র সভাপতি খান আজিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ আবুল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মান্নান ভুঁইয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যবস্থাকে সমর্থন করে বলেন, কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কৃষি ও শিল্পখাতের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে।

তিনি ব্যাংক কর্মচারিদের জন্য পৃথক বেতন স্কেলের দাবির সাথে একমত পোষণ করে বলেন, নিম্ন বেতন ভাতার কারণে ভবিষ্যতে সরকারি ব্যাংকগুলোতে মেধাবী কর্মকর্তার সঙ্কট দেখা দিতে পারে। এছাড়াও অস্থায়ী ব্যাংক কর্মচারিদের চাকুরী স্থায়ী করণ সংক্রান্ত দাবিকেও মন্ত্রী সমর্থন জানান।

সরকারের পদত্যাগ সংক্রান্ত বিরোধী দলের ঘন ঘন দাবি তোলাকেও মন্ত্রী নাকচ করে দেন। তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় সরকার তার পূর্ণ মেয়াদ শেষের আগে ক্ষমতা ছাড়বে না।

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে তাদের অব্যাহত সংসদ বর্জনকে চরম অগণতান্ত্রিক মনোভাব হিসেবে উল্লেখ করেন।

এ প্রসঙ্গে তিনি ২০০৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে সরকারকে ক্ষমতাচ্যুত করার বিরোধী দলীয় হুমকির কথা স্মরণ করেন। মান্নান ভুঁইয়া তাদেরকে জনগণের রায়ের জন্য আরও একবছর ধৈর্য ধরতে বলেন।

তিনি আওয়ামী লীগকে সংসদে যোগ দিয়ে গণতান্ত্রিক মনোভাব প্রদর্শনের আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ আবুল হোসেন, সিবিএ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসের, বাংলাদেশ ব্যাংক কর্মচারি ফেডারেশনের সভাপতি বিএম বাকির হোসেন, অগ্রণী ব্যাংকের সিবিএ সভাপতি মেহেদী আলী খান এবং শ্রমিক নেতা আবুল কাশেম চৌধুরীও বক্তৃতা করেন।