২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ ভোট দেবে না জেনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সকল প্রক্রিয়া সম্পন্ন করছে বিএনপি জামাত জোট: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে ভোট পাবে না বলে বিএনপি জামাত জোট ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সকল প্রক্রিয়া সম্পন্ন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

তিনি বলেন, আর কেউ যেন জনগণের ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সেজন্যে যুবসমাজকে ভূমিকা রাখতে হবে। ভোট কারচুপির বিরুদ্ধে জনগণকে সজাগ ও সচেতন করতে হবে। নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারে বিরোধী দলের প্রস্তাবের পক্ষে জনমত গড়তে মানুষের ঘরে ঘরে যেতে হবে।

শনিবার বিকেলে যুবলীগ নেতৃবৃন্দের উদ্দেশে দেওয়া দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি একথা বলেন। যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক দিনব্যাপী কর্মশালার অংশ হিসেবে দলীয় প্রধানের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হাসিনা জোট সরকার আমলে দুর্নীতি, সন্ত্রাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করে বলেন, দেশের মানুষের ওপর তারা জুলুম অত্যাচার চালাচ্ছে। মানুষ না খেয়ে মারা যাচ্ছে। অথচ ক্ষমতাসীনরা দুর্নীতি করে টাকা কামাতেই ব্যস্ত। জনগণের প্রতি খেয়াল করার কোনও সময় নেই ওদের।

তিনি বলেন, ভিজিএফ কার্ড বিতরণে সেনাবাহিনী মোতায়েনই প্রমাণ করে জোটের মন্ত্রী, এমপি ও নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত সবাই কত বড় চোর। গরিবের খাবার পর্যন্ত কেড়ে খায় তারা।

আওয়ামী লীগ প্রধান বলেন, বিগত জাতীয় নির্বাচনে কারচুপি করে আমাদের কমপক্ষে ১০১টি আসন কেড়ে নেওয়া হয়েছিল। প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, ভোট চুরিতে সহযোগিতা করে যারা বিএনপি জামাত জোটকে রাষ্ট্র ক্ষমতায় এনেছে, তারা এখন কেমন আছে? দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, দুর্নীতি-সন্ত্রাস আর দেশের এ পরিস্থিতি তাদের কেমন লাগছে?

শেখ হাসিনা বলেন, দেশের বিভিন্ন স্থানে যতো সন্ত্রাস আর বোমা ও গ্রেনেড হামলা হচ্ছে, সবগুলোর সঙ্গেই বিএনপি জামাত জড়িত। সারা দেশে তারা আতংক সৃষ্টি করে রাষ্ট্রক্ষমতা পাকাপোক্ত করতে চায়। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ওরা একের পর এক মানুষ মারছে। আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করছে। ওরা যে কত ভয়ংকর, তা দেশের মানুষ টের পাচ্ছে।

বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি জামাত জোট দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। স্বাধীনতার পরাজিত শত্রুদের পদলেহনকারীরা দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। দেশের মানুষ আর ওদের ক্ষমতায় দেখতে চায় না। অতীষ্ঠ জনগণ অত্যাচারী সরকারের কবল থেকে মুক্তি চায়।

তিনি বলেন, জোট দুঃশাসন থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে আবার জেগে উঠতে হবে। মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে মানুষের ঘরে ঘরে যেতে হবে। নির্যাতিত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে।

যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক এবং সাধারণ সম্পাদক মির্জা আজম এমপিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।