বিএনপি জামাত জোটের হাতে দেশের স্বাধীনতা বিপন্ন, এদের পতন ঘটাতে ঐক্যবদ্ধ হোন: যুবলীগের কর্মশালায় জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, বিএনপি জামাত জোটের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ বিপন্ন।
শনিবার ঢাকায় আওয়ামী যুবলীগ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
যুবসমাজসহ দেশবাসীকে সাহসী ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উগ্র সাম্প্রদায়িক মৌলবাদি ও স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। আরেকটি লড়াইয়ের মাধ্যমে জোট সরকারের পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, আগামীতে সরকার গঠন করতে পারলে আমরা আমলাতান্ত্রিক ব্যবস্থার ওপর নির্ভরশীল থাকবো না। জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণ করতে আমরা আমাদের কর্মপরিকল্পনা আগেই প্রস্তুত করে রাখবো। জাতির বৃহত্তর স্বার্থে আমাদের নীতিগত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে আমলাদের ওপর যেন নির্ভরশীল হতে আর না হয়।
ছাত্র ও যুবকদের বয়সের সীমা নির্ধারণ করে নেতৃত্বে দূরত্ব কমানোর কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের আদর্শ যথাযথভাবে বাস্তবায়ন করতে এর কোনও বিকল্প নেই।
রাজউক মিলনায়তনে অনুষ্ঠিত যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন হারুন অর রশিদ। ‘রাজনৈতিক প্রচারণা ও সমন্বিত যোগাযোগ’ শীর্ষক মাঠ পর্যায়ের নেতাদের জন্যে তাত্ত্বিক নির্দেশনামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মীজানুর রহমান।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আআমস আরেফিন সিদ্দিক, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, যুবলীগ নেতা সুব্রত পাল, রাজনৈতিক বিশ্লেষক মোজাম্মেল বাবু, এটিএন বাংলার বার্তা সম্পাদক নইম নিজাম, সাংবাদিক শাহনেওয়াজ দুলাল, মুহাম্মদ আলম এবং মামুন-অর-রশিদ।
যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা শাখার প্রচার ও সহ প্রচার সম্পাদকরা কর্মশালায় অংশ নেন।
