ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগকে নাজমুল হুদার প্রশংসা
নতুন ভোটার তালিকা প্রস্তুতের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সদস্যদের সম্পৃক্ত করার ব্যাপারে নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা তার প্রশংসা করেছেন।
এক বিবৃতিতে তিনি কেবল ইউপি সদস্যদের নয়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তিদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত কমিটি গঠনেরও পরামর্শ দেন। তার মতে, ইউনিয়ন পরিষদের সদস্যদেরকে এ কমিটির চেয়ারম্যান করা উচিত।
তিনি নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়ে বলেন, এই প্রক্রিয়ায় গঠিত কমিটি দেশে স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর নতুন ভোটার তালিকা প্রণয়নে বলিষ্ঠ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
এই পক্রিয়ায় নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়নে কোনও কারচুপির সুযোগ থাকবে না। কমিটির সদস্যরা একে অন্যের তালিকা ক্রসচেক করার মাধ্যমে নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত হবে।
তিনি বলেন, এটি নির্বাচন কমিশনের একটি ইতিবাচক উদ্যোগ। এই প্রক্রিয়ার আওতায় স্থানীয় সরকার কাঠামোর অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচন কমিশন যখন ভোটার তালিকা প্রস্তুত প্রক্রিয়ায় গ্রাম সরকার প্রধানদের অন্তর্ভূক্ত করার ‘বিতর্কিত’ ঘোষণা দেন ঠিক সেই মুহূর্তে নাজমুল হুদা কমিশনকে এ পরামর্শ দিলেন।
