২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ সেপ্টেম্বর টেংরাটিলা অভিমুখে জাতীয় তেল গ্যাস খনিজ সম্পদ ও বন্দর রক্ষা কমিটির রোড মার্চ করবে

টেংরাটিলা গ্যাস ফিল্ড দুর্ঘটনার ক্ষতিপূরণ হিসেবে নাইকোর সম্পদ বাজেয়াপ্ত এবং এর সাথে সকল জনবিরোধী চুক্তি বাতিলের দাবিতে ২৬ সেপ্টেম্বর ছাতকের টেংরাটিলা অভিমুখে মার্চ করবে জাতীয় তেল গ্যাস খনিজ সম্পদ ও বন্দর রক্ষা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোড মার্চের এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে জানানো হয়, বাসে করে এ রোড মার্চ করবে জাতীয় তারা। ২৬ সেপ্টেম্বর ঢাকা থেকে যাত্রা শুরু করে ২৮ মার্চ টেংরাটিলায় গিয়ে শেষ হবে এ রোড মার্চ। পথে অনুষ্ঠিত হবে বেশ কিছু পথসভা।

সম্মেলনে কমিটির নেতৃবৃন্দ দিনাজপুরের ফুলবাড়ি কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের দায়িত্ব বিদেশী কোম্পানিকে না দিয়ে দেশী কোনও কোম্পানিকে দেওয়ার দাবিও জানান।

দুর্ঘটনা এবং জাতীয় সম্পদ ধ্বংসের ক্ষেত্রে দায়ী কানাডার কোম্পানি নাইকোকে রক্ষার জন্য কিছু সরকারি কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা অশুভ চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, টেংরাটিলায় প্রথম দুর্ঘটনার পর সরকারি তদন্ত প্রতিবেদনে মাত্র এক বিসিএফ গ্যাস নষ্ট হয়েছে বলে উল্লেখ করা হয়। দ্বিতীয় দুর্ঘটনার পর তামিম কমিটির প্রতিবেদনে বলা হয়, এতে তিন বিসিএফ গ্যাস নষ্ট হয়েছে।

তিনি বলেন, এটা পুরোটাই মিথ্যা। কেননা নাইকোর আগের জরিপে বলা হয়েছিল, খনির উপরের স্তরে গ্যাস আছে ১১৬ বিসিএফ। দুর্ঘটনায় এর পুরোটাই ধ্বংস হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

আনু মুহাম্মদ বলেন, ক্ষয়ক্ষতির পরিমান সঠিকভাবে নিরূপন করা হয়নি। বাংলাদেশ অর্থনীতি সমিতির হিসেব মতে, ক্ষয়ক্ষতির পরিমান ৬,৩৫০ থেকে ১৫,২০০ কোটি টাকা।

তিনি মাগুরছড়া গ্যাস ফিল্ড দুর্ঘটনার কথা উল্লেখ করে এর দায়িত্বে থাকা অক্সিডেন্টাল কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন।

তিনি জাতীয় সম্পদ নষ্ট করার ক্ষেত্রে ক্ষতিপূরণ আদায়ের পর নাইকোর কার্যক্রম বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ শহিদুল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ ও জুনাইদ সাকী প্রমুখ উপস্থিত ছিলেন।