২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রীলংকায় দেওয়া উক্তির সমালোচনা করায় সাংবাদিকদের ওপর চটা

ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান শ্রীলংকায় দেওয়া উক্তির সমালোচনা করায় সাংবাদিকদের ওপর চটেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বুধবার সংসদে পয়েন্ট অব ওর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ক্রিকেটারদের উৎসাহ দিতে গিয়ে অনানুষ্ঠানিকভাবে কথা বলার সময়ে ৬৫ সালের রেডিওতে দেওয়া তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের একটি উদ্ধৃতি দিয়েছি মাত্র।

শ্রীলংকায় ক্রীড়া প্রতিমন্ত্রী ‘পাকিস্তান পাইন্দাবাদ’ বলে তার বক্তব্য শেষ করেন।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সংবাদপত্রের প্রতিবেদনে আমার সম্পর্কে জঘন্য ভাষা ব্যবহার করা হয়েছে। যারা এগুলো লিখেছে তাদের জন্ম হয়েছে আমার রাজনৈতিক জীবন শুরু হওয়ারও অনেক পরে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রীলংকায় আমি একটি শব্দ উচ্চারণ করেছি। কিন্তু সে জন্য আমাকে ক্ষমা চাইতে হবে কেনো ? যে ভুট্টোর জন্য এত লোককে জীবন দিতে হলো, শেখ মুজিব যদি তার সঙ্গে কথা বলতে পারেন, শেখ হাসিনা যদি বেনজীর ভুট্টোর সঙ্গে দেখা করতে পারেন, তাহলে আমার বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হবে কেনো ?

তিনি আরো বলেন, পল্টনে এক জনসভায় মওলানা ভাসানী শেখ মুজিবকে উদ্দেশ করে বলেছেন, ওদেরকে (তোফায়েলসহ অন্যান্যরা) সামলাও। আমার জীবনে যত পেশাব আমি করেছি, তারা ততো পানিও খায়নি।

ফজলুর রহমান বলেন, যারা এখন স্বাধীনতার চেতনার কথা বলে, তারাই এক সময়ে রাস্তায় সাংবাদিকদের পিটিয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে।