সরকারপন্থী আইনজীবীদের অর্ন্তদ্বন্দ্ব নিরসনে প্রধানমন্ত্রীর উদ্যোগ নেবেন
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ)’র দুই গ্রুপসহ সরকারপন্থী আইনজীবীদের অর্ন্তদ্বন্দ্ব নিরসনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজেই এক সপ্তাহের মধ্যে উদ্যোগ নেবেন।
বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া সম্প্রতি যোগাযোগমন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন যে, নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী বিজেএএফ’র দুই গ্রুপের মধ্যকার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। মঙ্গলবার বিজেএএফ সংশ্লিষ্ট সূত্র এ কথা জানায়।
বিএনপি’র আইন সম্পাদক এবং বিজেএএফ’র এক অংশের প্রভাবশালী নেতা এডভোকেট জয়নুল আবেদীন বিডিনিউজকে জানান, বিজেএএফ’র নেতা-কর্মীরা আশা করছেন, সপ্তাহখানেকের মধ্যেই প্রধানমন্ত্রী ফোরামের নেতা-কর্মীদের সাথে বৈঠকে বসবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি এ ব্যাপারে উদ্যোগ নেন তাহলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অভ্যন্তরীণ সমস্যার সুষ্ঠু সমাধান হবে।
প্রধানমন্ত্রী সমস্যা সমাধানে ফোরামের নেতা-কর্মীদের সাথে খোলামেলা কথা বলবেন।
তবে তিনি বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মধ্যে কোনও কোন্দল বা ভুল বোঝাবুঝি নেই। যেহেতু সংগঠনটি অনেক বড়, তাই নীতির ক্ষেত্রে নেতা-কর্মীদের মধ্যে মত পার্থক্য রয়েছে।
সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর ঢাকা জজ কোর্ট প্রাঙ্গনে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার একটি আলোচনা সভাকে কেন্দ্র করে বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যকার কোন্দল তীব্র আকার ধারণ করে। ওইদিন অ্যাডভোকেট টিএইচ খান এবং ডাক ও টেলিযেগাযোগমন্ত্রীর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা কর্মীরা জজ কোর্ট প্রাঙ্গনে ব্যরিস্টার নাজমুল হুদাকে প্রবেশে বাধা দেয়। পরে নাজমুল হুদা সেখান থেকে নির্ধারিত কর্মসূচি বাতিল করে ফিরে যেতে বাধ্য হন।
সেদিন দু গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, মিছিল ও হৈচৈ’র কারণে আদালতের স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত হয়।
এ ব্যাপারে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ওই দিন সভা পণ্ড হয় নি। বিএনপি মহাসচিবের অনুরোধের প্রেক্ষিতে সভাটি মুলতবি ঘোষণা করা হয়েছিল।
তিনি বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মেয়াদ উত্তীর্ণ কমটিগুলো বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের মাধমে নতুন কমটি গঠন করার মধ্য দিয়ে অভ্যন্তরীণ সমস্যা সমাধান করা সম্ভব।
সূত্র জানায়, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক যোগাযোগমন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা গত ৩ আগস্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সুপ্রিম কোর্ট শাখা বিলুুপ্ত ঘোষণা করেন।
এর পাল্টা জবাবে অ্যাডভোকেট টিএইচ খান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যরিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীণ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্যরিস্টার নাজমুল হুদা ও অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সদস্যপদ খারিজ করে দেয়।
