বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন বৈঠক শুরু
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৩৬তম বৈঠক সোমবার ঢাকার সোনারগাঁও হোটেলের সুরমা কনফারেন্স কক্ষে শুরু হয়েছে।
দু’দিনব্যাপী এ বৈঠকে ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন নদীর পানি বন্টনসহ বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
বৈঠকে ১৮ সদস্যের ভারতীয় পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ভারতের পানি সম্পদ মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি। আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পানি সম্পাদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এ বৈঠকে তিস্তাসহ সাতটি নদীর পানিবন্টন, ভারতের নদী আন্তঃ সংযোগ মহা পরিকল্পনা, বারাক নদীর উপর ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণ পরিকল্পনা, সীমান্ত নদী সমূহের ভাঙ্গন রোধে ব্যাবস্থা গ্রহণ, ফারাক্কা পয়েন্টে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির বাস্তবায়ন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ তথ্য ও উপাত্ত সরবরাহ ও ইন্দো-বাংলা টাস্ক ফোর্সের কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে পানি সম্পদ মন্ত্রী ভারতের পানি সম্পাদ মন্ত্রীর সাথে হোটেল স্যুটে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
অত্যন্ত খোলাখুলিভাবে আলোচনার মাধ্যমে দুই বন্ধু প্রতীম প্রতিবেশী দেশের পানি সেক্টরের সকল সমস্যা সমূহের সমাধান হবে বলে উভয় মন্ত্রীই আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে ১৪ সদস্যের বাংলাদেশ দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এস এম জহরুল ইসলাম, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ লিয়াকত আলী চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শরীফ রফিকুল ইসলাম ও যৌথ নদী কমিশনের সদস্য তৌহিদুল আনোয়ার খান।
১৮ সদস্যের ভারতীয় দলের সদস্যদের মধ্যে রয়েছেন পানি সম্পদ সচিব জে হরি নারায়ণ, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকশিণার বীনা সিক্রি, ডেপুটি হাইকমিশনার এস চক্রবর্তী, যুগ্মসচিব মোহন কুমার এবং কেন্দ্রীয় পানি কমিশনের চেয়ারম্যান আর জেয়াসিলান।
