২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় প্লট বরাদ্দে অনিয়মে স্থায়ী কমিটিতে ক্ষোভ

গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি রাজধানীর বাড্ডা পুনর্বাসন এলাকায় প্লট বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

কমিটির সদস্যরা বলেন, রাজউক ও মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজসে স্থানীয় ওয়ার্ড কমিশনারের সুপারিশ দেখিয়ে ৩১৮টি আড়াই কাঠার প্লট বরাদ্দের উদ্যোগ নেয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবনে রোববার স্থায়ী কমিটির সভায় ওয়ার্ড কমিশনারদের সুপারিশে প্লট বরাদ্দের উদ্যোগকে নীতিমালা বহির্ভূত হিসেবে আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছেন কমিটির আওয়ামী লীগ দলীয় সদস্য নূর ই আলম চৌধুরী লিটন। পূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ কমিটির অন্য সদস্যরাও একমত পোষণ করেন। কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আলমগীর কবির সভায় বলেন, বাড্ডা পুনর্বাসন এলাকায় প্লট বরাদ্দের নীতিমালা ২০০৫ অনুযায়ী, স্থানীয় কমিশনার কোনোক্রমেই প্লট বরাদ্দের তালিকা পাঠাতে পারে না। কিন্তু কেন একজন ওয়ার্ড কমিশনারের সুপারিশে রাজউক এতোগুলো প্লট বরাদ্দ করলো, তা পরিস্কার নয়। বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন।

সাংসদ নূর ই আলম রাজউকের প্রধান প্রকৌশলীর বক্তব্যের সূত্র ধরে বলেন, ইতোপূর্বে নিকুঞ্জে প্লট বরাদ্দে জনপ্রতিনিধিদের নামে বাড্ডা এলাকার কমিশনারের সুপারিশে প্লট বরাদ্দ করা হয়েছে। এটি দুঃখজনক। জনপ্রতিনিধির সুপারিশ নিতে হলে সাংসদদের সুপারিশ নেয়া যায়।

তিনি আরও বলেন, কিছু চিহ্নিত ব্যক্তির প্লট বরাদ্দ দেওয়ার জন্যেই তড়িঘড়ি করে মন্ত্রণালয় থেকে ফ্যাক্স করে ‘বাড্ডা পুনর্বাসন এলাকায় প্লট বরাদ্দের নীতিমালা ২০০৫’ ২২ আগস্ট রাজউকে পাঠানো হয়। নীতিমালার ব্যাপারে এত দ্রুততার কোনও প্রয়োজন ছিলো না।

তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী কমিটির আগামী সভায় এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দখিলের জন্যে রাজউক কর্তৃপক্ষকে নির্দেশ দেন।