আগস্টের বিস্ফোরণসহ স্পর্শকাতর বিষয়ে আলোচনার জন্যে মুলতবি প্রস্তাব নাকচ, সোমবার পর্যন্ত অধিবেশন মুলতবি
সংসদে রোববার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পারিতোষিক বৃদ্ধির চারটি বিল পাস হয়েছে।
সংসদের অধিবেশন সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। সোমবার অধিবেশন দুই বেলা চলবে।
রোববার বেলা তিনটা ১০ মিনিটে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর পর্বের এক ঘন্টা শেষে দিনের কার্যসূচি অনুযায়ী নির্ধারিত ৭১ বিধির নোটিশের নিষ্পত্তি স্থগিত করা হয়।
পরে স্পিকার সংসদের অন্যান্য কার্যক্রম মুলতবি করে কয়েকটি স্পর্শকাতর বিষয়ে সাংসদদের আনা ৬২ বিধির ২৮টি নোটিশ নাকচ করে দেন। বিষয়গুলোর মধ্যে রয়েছে-১৭ আগস্টের সিরিজ বোমা হামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ সাম্প্রতিক কিছু ঘটনা।
পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পারিতোষিক বৃদ্ধির চারটি বিল পর্যায়ক্রমে সংসদে পাস হয়।
সংসদে সোমবার প্রধান বিচারপতি, আপীল বিভাগের বিচারপতি ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সাংসদদের পারিতোষিক ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিল পাস করা হবে।
এছাড়া ওই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বিশুদ্ধ খাদ্য (সংশোধন) আইন পাস করা হতে পারে বলে জানা গেছে।
