হরতালের কারণে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বৈঠকে উপস্থিতির করুণ দশা
সিপিবি আহুত হরতালের কারণে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে নির্ধারিত বৈঠকে ১৪ জন সাংসদ এবং বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা যোগ না দেওয়ায় পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম মৃদু অসন্তোষ প্রকাশ করেছেন।
ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনের সুন্দরী গাছের আগামরা সমস্যা নিয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার সকালে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
পরিবেশ ও বন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নাজিম উদ্দিন আলম এমপিসহ নয় সংসদ সদস্য, সুন্দরবন স্টুয়ার্ডশীপ কমিশন এবং সুন্দরী গাছের আগামরার কারণ অনুসন্ধানে গঠিত বিশেষজ্ঞ কমিটির সাথে সংশ্লিষ্ট আরও পাঁচ এমপি বৈঠকে অনুপস্থিত ছিলেন।
এছাড়াও সংশ্লিষ্ট কয়েকজন সরকারি কর্মকর্তারও বৈঠকে যোগদানের কথা ছিলো। কিন্তু তারাও রোববারের বৈঠকে অনুপস্থিত ছিলেন। অন্যদিকে খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়বুর রহমানসহ সুশীল সমাজের সদস্যরাও শেষ পর্যন্ত বৈঠকে আসতে পারেননি।
বেশ কিছুক্ষণ দেরী করে বৈঠক শুরু হলে বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম হরতালের কারণে বৈঠকে অন্যদের অনুপস্থিতি নিয়ে মৃদু অসন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে হরতাল সত্ত্বেও বৈঠকে যোগদানকারী অল্প সংখ্যক কর্মকর্তাকে তিনি ধন্যবাদ জানান।
সভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর আগে মৃদুভাষী এই মন্ত্রী হরতাল নিয়েও দু'য়েক কথা বলেন।
